ad
ad

Breaking News

Ambikapur

হাড়হিম করা নৃশংসতা! পিতৃহত্যার পর বিরিয়ানি ভোজ, বাড়িতে এসে শান্তিতে ঘুমোলো গুণধর ছেলে

পুলিশি তদন্তে উঠে এসেছে পারিবারিক অশান্তির এক চরম ও বীভৎস রূপ

Ambikapur Murder: Son Kills Father with Axe

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: মদ্যপানের অভ্যাস নিয়ে বাবার শাসন সহ্য করতে না পেরে জন্মদাতাকেই কুঠার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত যুবক শান্তিতে বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরে রাতভর ঘুমিয়েছে বলে জানা গেছে। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে ছত্তিশগড়ের সরগুজা জেলার অম্বিকাপুর এলাকায়। পুলিশি তদন্তে উঠে এসেছে পারিবারিক অশান্তির এক চরম ও বীভৎস রূপ।

নিহত ব্যক্তির নাম পরশ কেরকেট্টা, যার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি অম্বিকাপুরের বেহারাপাড়া এলাকায় একটি বাড়িতে একাই থাকতেন। তাঁর ২৫ বছর বয়সি ছেলে প্রভাত পাশের একটি বাড়িতে ভাড়া থাকত। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাতের অত্যধিক মদ্যপান নিয়ে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। সোমবার রাত ১১টা নাগাদ প্রভাত মদ্যপ অবস্থায় বাবার কাছে গেলে দুজনের মধ্যে ফের তীব্র বচসা শুরু হয়। রাগের মাথায় প্রভাত ঘরের ভেতর থেকে একটি কুঠার এনে বাবার মাথায় বারবার আঘাত করে। রক্তাক্ত অবস্থায় পরশ লুটিয়ে পড়লে তাঁর মৃত্যু নিশ্চিত হয়।

হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে প্রভাত তার বাবার নিথর দেহটি বাড়ির কাছেই একটি জলের ট্যাঙ্কে ফেলে দেয়। তবে আশ্চর্যের বিষয় হল, এই ভয়াবহ অপরাধ করার পরেও প্রভাতের মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি। সে সোজাসুজি স্থানীয় একটি দোকানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসে এবং ঘরে ফিরে অঘোরে ঘুমিয়ে রাত কাটায়। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ পরশকে বাড়ি থেকে বের হতে না দেখে সন্দেহ প্রকাশ করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ফরেনসিক বিশেষজ্ঞ ও তদন্তকারী দল এলাকাটি ঘিরে ফেলে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। পুলিশ আধিকারিক সিপি তেওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, অভিযুক্ত প্রভাতকে ইতিমদেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সামান্য মদ্যপানকে কেন্দ্র করে এমন নৃশংস খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।