চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনাজনিত মৃত্যুকে ঘিরে তদন্ত আরও জোরদার করল অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই সংশ্লিষ্ট বিমান সংস্থা ভিএসআর ভেঞ্চারসের উপর বিশেষ অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিসিএ জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অডিট রিপোর্ট জমা দিতে হবে। এই অডিটে বিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি, লগবুক, নিরাপত্তা প্রোটোকল এবং সংস্থার অভ্যন্তরীণ চেকস অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
নির্ধারিত নিয়ম মেনে বিমান পরিচালনা করা হয়েছিল কি না, সেটাই মূলত যাচাই করা হবে। একই সঙ্গে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) আলাদাভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে। চলতি বছরের শুরুতেই মুম্বই থেকে পুনের বারামতিতে যাওয়ার সময় ভিএসআর ভেঞ্চারসের ভাড়াকরা একটি লিয়ারজেট ৪৫ এক্সআর বিমানে দুর্ঘটনার কবলে পড়েন অজিত পাওয়ার। বারামতিতে দ্বিতীয়বার অবতরণের সময় কম দৃশ্যমানতার কারণে বিমানটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় অজিত পাওয়ার-সহ বিমানে থাকা আরও চার জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ডিজিসিএ আরও জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ভিএসআর ভেঞ্চারসকে ইউরোপের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি। এই দুর্ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন, মৃত্যুর আগে অজিত পাওয়ার কিছু বিজেপি নেতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথির কথা বলেছিলেন। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তরও এই মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের সম্ভাবনার কথা তুলে তদন্তের দাবি জানিয়েছেন। ফলে অজিত পাওয়ারের মৃত্যুকে ঘিরে রহস্য ও বিতর্ক আরও গভীর হচ্ছে।