ad
ad

Breaking News

Air India

৩১ মে পর্যন্ত আকাশপথে ‘বেড়া’! ইজরায়েলগামী সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

আগামী ৩১ মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে তারা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।

Air India Suspends Tel Aviv Flights

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের আবহে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতের জাতীয় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। বর্তমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিচার করে দিল্লি ও তেল আভিভ-এর মধ্যেকার সরাসরি বিমান পরিষেবা আগামী ৩১ মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে তারা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।

বিগত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই রুটে বিমান চলাচল অনিয়মিত হয়ে পড়েছিল। ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলা পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশপথ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এয়ার ইন্ডিয়া এই কড়া পদক্ষেপ নিয়েছে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই একই পথে হেঁটেছে বিশ্বের অধিকাংশ নামী বিমান সংস্থা। বর্তমানে আকাশপথে কঠোর বিধিনিষেধের মধ্যে দিয়ে শুধুমাত্র এল আল, ইজরাএয়ার, আরকিয়া ও এয়ার হাইফার-এর মতো স্থানীয় ইজরায়েলি সংস্থাগুলি তাদের পরিষেবা চালু রেখেছে।

এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন ইজরায়েলে কর্মরত ও বসবাসকারী প্রায় ৪০ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক। পেশাগত বাধ্যবাধকতা বা যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচতে যাঁরা দেশে ফিরতে চাইছেন, তাঁদের দুশ্চিন্তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায় হিসেবে বর্তমানে ভারতীয়দের প্রথমে স্থলপথে প্রতিবেশী দেশ জর্ডন অথবা মিশরে পৌঁছাতে হচ্ছে। সেখান থেকে তাঁরা দিল্লির বিমান ধরার সুযোগ পাচ্ছেন।