ad
ad

Breaking News

Air India

একের পর এক কলঙ্কে জর্জরিত এয়ার ইন্ডিয়া, ইস্তফা সিইও-র

আগামী বছরের জুলাই মাস পর্যন্ত উইলসনের মেয়াদ থাকলেও তিনি এক বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন

Air India CEO Campbell Wilson Resigns Amid Crisis

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে এয়ার ইন্ডিয়া। কখনও নিরাপত্তা, কখনও পরিষেবা, কখনও মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি—অভিযোগের তালিকা দীর্ঘ। তার উপর যুদ্ধ পরিস্থিতির জেরে উড়ান চলাচলে কাটছাঁট, জেট ফুয়েলের দাম বৃদ্ধি এবং আর্থিক লোকসান সব মিলিয়ে প্রবল চাপের মুখে পড়েছে জাতীয় উড়ান সংস্থাটি। এই পরিস্থিতিতেই এয়ার ইন্ডিয়ার সিইও পদ থেকে ইস্তফা দিলেন ক্যাম্পবেল উইলসন। সূত্রের খবর, আগামী বছরের জুলাই মাস পর্যন্ত উইলসনের মেয়াদ থাকলেও তিনি এক বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন সিইও দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে সংস্থার প্রশাসনিক কাজ সামলাবেন তিনি।

উল্লেখ্য, গত বছর আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ার পর থেকেই সংস্থার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বিভিন্ন সময় যাত্রী পরিষেবা, ফ্লাইট ম্যানেজমেন্ট এবং উড়ানের যান্ত্রিক ত্রুটি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এমনকি গত বছরের শেষদিকে এক যাত্রীকে মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে। এসব ঘটনার জেরে সংস্থার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।একাধিক অভিযোগ ও সমালোচনার পাশাপাশি সংস্থার আর্থিক অবস্থাও ক্রমশ দুর্বল হয়েছে বলে খবর। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ঘুরপথে বিমান চালাতে গিয়ে বাড়তি জ্বালানি ও সময় ব্যয়ের কারণে এয়ার ইন্ডিয়াকে বড়সড় আর্থিক লোকসানের মুখে পড়তে হয়।পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষে এয়ার ইন্ডিয়ার লোকসানের পরিমাণ অন্তত ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। এই প্রবল আর্থিক চাপ এবং ক্রমাগত বিতর্কের আবহেই ক্যাম্পবেল উইলসনের পদত্যাগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ২০২২ সালে এয়ার ইন্ডিয়ার সিইও পদে যোগ দিয়েছিলেন ক্যাম্পবেল উইলসন। সংস্থার সঙ্গে তাঁর পাঁচ বছরের চুক্তি ছিল। উড়ান শিল্পে তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। একাধিক আন্তর্জাতিক উড়ান সংস্থা পরিচালনার অভিজ্ঞতা ছাড়াও সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভর্তুকি ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করা হয়। তবে এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার ক্রমাগত সংকট সামাল দিতে গিয়ে শেষ পর্যন্ত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংস্থা সূত্রে খবর।