চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: রাজস্থানের জয়পুরে স্কুলের বারান্দা থেকে পড়ে ৯ বছরের এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, স্কুলে নিয়মিত হেনস্থার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতার নাম আমাইরা। সে স্থানীয় ‘নীরজা মোদি স্কুল’-এর চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। জানা গিয়েছে, সেদিন দুপুরে স্কুলের পাঁচ তলার বারান্দা থেকে পড়ে যায় আমাইরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সে নিজে রেলিংয়ে উঠে বসছে এবং কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যাচ্ছে। যদিও পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং স্কুলে চলা মানসিক ও শারীরিক হেনস্থার ফলেই এই মর্মান্তিক পরিণতি (Jaipur)।
আরও পড়ুনঃ বড় রঘুনাথপুরে চোরের হানা, নগদ টাকা ও সোনার গয়না লুটে নিল দুষ্কৃতীরা
মৃতার মা শিবাণী জানিয়েছেন, ‘ আমার মেয়ে বারবার অভিযোগ করত, ক্লাসে তাকে উত্যক্ত করা হয়। কিছু ছেলে অশোভন আচরণ করত, নাম নিয়ে বিদ্রুপ করত। আমি বিষয়টি শিক্ষিকার নজরে এনেছিলাম, কিন্তু তিনি একেবারেই পাত্তা দেননি।’ মেয়ের স্কুলে যেতে না-চাওয়ার কথাও তিনি একাধিকবার জানিয়েছেন কর্তৃপক্ষকে। এমনকি, বাড়িতে কান্নাকাটি করার একটি অডিয়োও রেকর্ড করেছিলেন তিনি, যেখানে শোনা যায়, আমাইরা বলছে—‘ আমি স্কুলে যেতে চাই না, আমাকে পাঠিও না।‘ পিতাও একই অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ‘একবার অভিভাবক-শিক্ষক বৈঠকে দেখেছিলাম এক ছাত্র আমার মেয়েকে ইশারা করছে। শ্রেণিশিক্ষিকাকে জানিয়েছিলাম, কিন্তু তিনিও উপেক্ষা করেন।’ঘটনার দিন ক্লাসরুমে শিক্ষিকার সঙ্গে দু’বার কথা বলার পর বারান্দায় যায় আমাইরা। এরপরই ঘটে দুর্ঘটনা। যদিও ফুটেজ দেখে কেউ কেউ দাবি করেছেন, রেলিংয়ে ওঠার সময় তার পা ফস্কে যায় (Jaipur)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
সবচেয়ে গুরুতর অভিযোগ, মেয়েটির পড়ে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশ আসার আগেই ঘটনাস্থল পরিষ্কার করে ফেলেছে। তদন্তে নেমে পুলিশও দেখেছে, সেখানে রক্তের কোনও দাগ নেই। মৃত ছাত্রীর পরিবার ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁদের দাবি, শিক্ষিকা ও প্রশাসনের গাফিলতির কারণেই তাঁদের মেয়ে মারা গিয়েছে।জয়পুর পুলিশের ডেপুটি কমিশনার রাজর্ষি রাজ বর্মা জানিয়েছেন, ‘ ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, অডিয়ো রেকর্ডিং এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।‘ অন্যদিকে, এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে স্থানীয় অভিভাবক মহলের একাংশের দাবি, স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ এবং শিক্ষকদের আচরণ নিয়ে আগেও অভিযোগ উঠেছিল—এই ঘটনার পর তা নতুন করে সামনে এল (Jaipur)।