চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: পঞ্জাবের শ্রী মুক্তসর সাহিব জেলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত পাঁচজন শ্রমিকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২৯ জন, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
ঘটনাস্থলে উপস্থিত লাম্বির ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (ডিএসপি) জসপাল সিং জানান, রাত ১টা নাগাদ বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। চলেছে জোরকদমে উদ্ধার কাজ। কারখানাটিতে বিস্ফোরণের সময় প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে কারখানার ভিতরে আগুন লাগে। এরপরই প্রচণ্ড শব্দে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যার তীব্রতায় কারখানার একাংশ সম্পূর্ণ ধসে পড়ে। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার মালিকের কাছে বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাজি কারখানায় নিরাপত্তা বিধির কোনও রকম লঙ্ঘন হয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হবে। যদি বেআইনি কার্যকলাপ বা নিয়মভঙ্গ প্রমাণিত হয়, তবে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।