Bangla jago Desk: সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ৫৬ লক্ষের বেশি অনুসারী এজাজ খানের। সেই দেখেই হয়তো শখ হয়েছিল বিধানসভা ভোটে দাঁড়ানোর। কিন্তু মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে তিনি ভোট পেয়েছেন ১০৩টি। অথচ, জনপ্রিয় টিভি শো বিগ বস প্রতিযোগী এজাজ খানের ফ্যানে পেজেও অনুসারীর সংখ্যা কয়েক লক্ষ। তাঁর ফেসবুক পেজেও অনুসারীর সংখ্যা ৪১ লক্ষেরও বেশি।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এজাজ খান। কিন্তু ভোট পেয়েছেন মাত্র ১০৩টি। এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এজাজ খানের পরিবারের সদস্য সংখ্যা সত্তরের বেশি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারসোভা আসনে জিতেছেন শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। একই আসনে ৭৪৭ জন ভোটার নোটা বেছে নিয়েছেন। সেখানে এজাজ পেয়েছেন মাত্র ১০৩টি ভোট। এই কেন্দ্রে ভোট পড়েছিল ৫১.২ শতাংশ। এ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ভারসোভা আসন থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) মনোনয়ন পেয়ে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এজাজ খান।
গুজরাটের আহমেদাবাদে জন্ম এজাজের। ২০০৩ সালের ‘পথ’ সিনেমার হাত ধরে কেরিয়ার শুরু তাঁর। বেশকিছু ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। রিয়েলিটি শো বলিউড ক্লাবেও কাজ করেছেন। বিগ বস-৭-এর প্রতিযোগী ছিলেন এজাজ খান। তবে ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার করা হয় এজাজকে। মুম্বই বিমানবন্দর থেকে এজাজ খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সে সময় এজাজের কাছ থেকে বেশকিছু অ্যালপ্রোজাল ট্যাবলেট পাওয়া যায়, যা বাজারে নিষিদ্ধ। প্রায় দু-বছর জেলে থাকার পর গত বছর মুক্তি পান এই অভিনেতা।