চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। বাঙালির কাছে বেড়ানোর ক্ষেত্রে উত্তরবঙ্গ সব সময় হট ফেভারিট। উত্তরবঙ্গ মানেই কিন্তু দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াং নয়। চেনা উত্তরবঙ্গর পাহাড়ের বাইরে পাহাড়ের খাঁজে লুকিয়ে আছে এমন কিছু গ্রাম যা আজও কোলাহলমুক্ত ও স্নিগ্ধ। ভিড়ভাট্টা এড়িয়ে নির্জন প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটাতে চাইলে আপনার গন্তব্য হোক সান্টেক। কালিম্পং টাউনের খুব কাছাকাছি অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামে এখন সেভাবে পর্যটকদের অতিরিক্ত আনাগোনা শুরু হয়নি। কালিম্পং টাউন থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত এলাচ বন ও ঘন পাইন বনে ছাওয়া এই পাহাড়ি গ্রাম সিঙ্কোনা চাষের জন্য বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ফুট উঁচুতে থাকা সান্টেক ডুয়ার্স ও পাহাড়ের সন্ধিস্থলে অবস্থিত।
বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের প্যানোরমিক ভিউয়ের জন্য বিখ্যাত সান্টেক। আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে হোম স্টে’র জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। সান্টেক পাখিপ্রেমীদের স্বর্গরাজ্য। হরেক রকম প্রজাতির পাখির দেখা মেলে। সান্টেক গ্রামের চারপাশে রয়েছে সিঙ্কোনা বাগান। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে গোরুবাথান হয়ে সান্টেক গ্রামে পৌঁছনো যায়। সময় লাগে প্রায় সাড়ে ৩-৪ ঘণ্টা সময় লাগে। সেপ্টেম্বর থেকে জুন, অক্টোবর থেকে ডিসেম্বর মাস বেড়ানোর আদর্শ সময়।