Bangla Jago desk : ত্রিপুরার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সিপাহিজলা অভয়ারণ্য। ভারতের বাকি অভয়ারণ্যের চেয়ে একটু আলাদা এই অভয়ারণ্যটি। তার কারণ রয়্যাল বেঙ্গল টাইগার বা লেপার্ডের মত হিংস্র জন্তু থাকলেও এই অভয়ারণ্যটি শান্ত ও মনোরম। তাই, চলুন আজ আমাদের গন্তব্য উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার এই বিখ্যাত অভয়ারণ্যটি।
উত্তর-পূর্ব ভারতের পাহাড়ে ঘেরা ছোট্ট রাজ্য ত্রিপুরা। ছোট হলেও মনোরম নৈস্বর্গিক দৃশ্যের জন্য আপনাকে টানবে ত্রিপুরা। ত্রিপুরার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সিপাহিজলা জেলার অন্তর্গত সিপাহিজলা অভয়ারাণ্য বা সিপাহিজলা জুলজিক্যাল গার্ডেন। এই অভয়ারণ্যটির আয়তন মাত্র ১৮.৫৩ বর্গ কিলোমিটার হলেও এখানে ৪৫৬ প্রজাতির গাছ এবং নানান ধরণের পশুপাখি দেখা যায়।
বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বাকিং ডিয়ার,ক্লাউডলেফ লেপার্ড,নেউল,লেঙুর,প্যাঙ্গোলিন। তবে এই অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ চশমা বাঁদর। এই ধরণের বাঁদর একমাত্র এখানেই পাওয়া যায়। অভয়ারণ্যের মধ্যে গড়ে ওঠা চিড়িয়াখানাতে এই সমস্ত জীব-জন্তুর দেখা মেলে। এগুলি ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার,হরিণ ও চিতাবাঘও দেখা যায় এই জুলজিক্যাল গার্ডেনে। বিভিন্ন প্রজাতির বিড়াল ও রকমারি পাখির দেখা মিলবে এই সিপাহিজলা অভয়ারণ্যে। এই অভয়ারণ্যের জলাশয়ে শীতের সময় অসংখ্য পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। রং বেরঙের পাখির ডাকে মুখরিত হয়ে ওঠে চত্বর। দর্শকদের পরিদর্শনের জন্য এই চিড়িয়াখানাটি শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের অন্যান্য দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এখানে ঢুকতে মাথা পিছু খরচ হয় মাত্র ৫০টাকা।
কীভাবে যাবেন এই মনোরম পরিবেশের স্বাদ নিতে তাহলে চলুন সেদিকেই নজর রাখা যাক। কলকাতা থেকে বিমানে করে চলে আসুন আগরতলা। এছাড়াও শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং হাওড়া থেকে ব্যাঙ্গালোর আগরতলা হামসফর এক্সপ্রেসে ধরে প্রথমে আসতে হবে আগরতলা সেখান থেকে সিপাহিজলার দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার। যা আপনি ট্যাক্সি বা ভাড়ার গাড়ি করে সহজেই চলে আসতে পারবেন। থাকা খাওয়ার জন্য এই অভয়ারণ্যের সামনেই গড়ে উঠেছে বিভিন্ন হোটেল এবং রিসর্ট। যেখানে আপনার জন্য থাকছে কম খরচে সুন্দর থাকা খাওয়ার সুব্যবস্থাও।
একদিকে প্রতিবেশি রাজ্য এবং অন্যদিকে মনোরম প্রাকৃতিক দৃশ্যর হাতছানির জন্য বাঙালি পর্যটক থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে ত্রিপুরায়। আপনি যদি ভ্রমণপিপাসু বাঙালি হন তাহলে, সপ্তাহান্তে আপনি এই শীতের ঠান্ডায় কয়েকদিনের জন্য ঘুরে আসতেই পারেন ত্রিপুরা ও সিপাহিজলা অভয়ারণ্যে।