ad
ad

Breaking News

Mongpong

Mongpong: উত্তরবঙ্গের লুকোনো স্বর্গ, ডুয়ার্সের প্রবেশদ্বার মংপং

সুন্দর পরিবেশে পাহাড়, চা বাগান, কুলকুল শব্দ করে বয়ে যাওয়া তিস্তা নদী, মেঘ, রোদের লুকোচুরি, সবকিছু নিয়ে মংপং পর্যটকদের কাছে অনন্য অভিজ্ঞতা এনে দেবে।

Mongpong hidden gem in North Bengal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: তিস্তা নদীর তীরে অবস্থিত শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম মংপং হল উত্তরবঙ্গের হিডেন জেম। ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় মংপংকে। অনেকেই আজকাল ব্যস্ত জীবন থেকে কয়েক দিনের ছুটিতে নিরিবিলি পরিবেশে অফবিট পর্যটন কেন্দ্রে যেতে পছন্দ করেন। পাহাড়ে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এখন বাঙালির পয়লা পছন্দ উত্তরবঙ্গ। দার্জিলিং জেলায় অবস্থিত মংপং এক্ষেত্রে একেবারে আদর্শ। সুন্দর পরিবেশে পাহাড়, চা বাগান, কুলকুল শব্দ করে বয়ে যাওয়া তিস্তা নদী, মেঘ, রোদের লুকোচুরি, সবকিছু নিয়ে মংপং পর্যটকদের কাছে অনন্য অভিজ্ঞতা এনে দেবে।

উত্তরবঙ্গের লুকোনো স্বর্গ মংপং শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ মিনিট দূরে অবস্থিত। তিস্তা নদীর তীরে অবস্থিত মংপংকে বলা হয় ডুয়ার্সের প্রবেশ দ্বার। তিস্তার বিশাল ব্যাপ্তিকে আবিষ্কার করা যায় মংপংয়ে এলে। স্থানীয় লেপচা সম্প্রদায়ের মানুষজন থাকেন মংপংয়ে। তাঁদের প্রকৃতির সান্নিধ্যে থাকা, লেপচাদের নিজস্ব সংস্কৃতি, জীবনধারাকে দেখা যায় এখানে এলে। মংপংয়ের শান্ত নিরিবিলি পরিবেশ মন ছুঁয়ে যায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে ট্রেকিং করতে পারেন। তিস্তা নদীর পাড়ে বসে নদীর আপন ছন্দে ছলাৎছলাৎ শব্দ করে চলার শব্দ শুনে সময় যে কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। মংপংয়ের চা বাগান আর তিস্তা নদীর তীর ছবি তোলার আদর্শ জায়গা। মহানন্দা অভয়ারণ্যের কাছাকাছি অবস্থিত মংপংয়ের নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ। বিভিন্ন রকমের প্রজাতির পাখির কলরবে মুখরিত চারপাশ। আপনি পাখিপ্রেমী হলে অবশ্যই আপনার গন্তব্য হোক মংপং।

ডুয়ার্সের পুরোনো চা বাগান ওয়াশাবাড়ি রয়েছে মংপংয়ের কাছে। ঘুরে আসা যায় সেখান থেকে। এছাড়াও লিশ নদীর তীরে বসে সময় কাটানো যায়। তিস্তা নদীর পাড় ঘেঁষে শাল বনের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। থাকার জন্য মংপংয়ে আছে ছোট্ট অতিথিশালা ও হোম স্টে। ভিড়ভাট্টা থেকে দূরে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ছুটি কাটাতে চাইলে আপনার গন্তব্য হোক মংপং।