ad
ad

Breaking News

Milan Top

ভিড়ভাট্টা ভুলে প্রকৃতির নির্জনে কয়েকদিন! উইকেন্ডের জন্য কালিম্পংয়ের ‘মিলান টপ’ হতে পারে সেরা গন্তব্য

এখন এখানে সেভাবে পর্যটকদের অতিরিক্ত আনাগোনা শুরু হয়নি।

Milan Top Offbeat Kalimpong Escape with Clouds

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: শহুরে নাগরিক ব্যস্ততা থেকে দূরে কয়েকদিন নিরিবিলিতে কাটানোর আদর্শ অফবিট ডেসটিনেশন হল উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্র মিলান টপ। একসঙ্গে মেঘ, রোদ, চা বাগান, কাঞ্চনজঙ্ঘা পাহাড়, মোমো, ছোটোখাটো ট্রেকিং, প্রাকৃতিক সৌন্দর্য, পাইন, ওক, রডোডেনড্রনের জঙ্গল, পাখি, জৈবচাষ পেতে চাইলে আপনার গন্তব্য হতেই হবে কালিম্পং জেলার মিলান টপ।

এখন এখানে সেভাবে পর্যটকদের অতিরিক্ত আনাগোনা শুরু হয়নি। তাই মিলান টপে ভিড়ভাট্টা অনেক কম। প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে দুয়েকদিন কাটানোর আদর্শ ঠিকানা হল মিলান টপ। একদিনের ট্যুরে এখান থেকে দার্জিলিং পাহাড়ের নানা জায়গা ঘুরে দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে কালিম্পংয়ের মিলান টপ থেকে খুব ভালো ভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। এখানে সত্যিই ‘মেঘ গাভির মতো চলে’, মিলান টপে হোম স্টে’র বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়ালেই মেঘ এসে ধরা দেবে। কখনো মেঘ আপনাকে ভিজিয়ে দিয়ে চলে যাবে। পেডংয়ের খুব কাছাকাছি অবস্থিত মিলান টপে যাওয়ার রাস্তার দু’পাশে চারিদিকে নজরে আসে শুধু সবুজ আর সবুজ।

সমুদ্রপৃষ্ঠ থেকে মিলান টপের উচ্চতা ৪৮৮০ ফুট। কাছের বিমানবন্দর হল বাগডোগরা। সবচেয়ে কাছের রেলস্টেশন হল নিউ জলপাইগুড়ি। গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় মিলান টপে। বেড়ানোর আদর্শ সময় হল মার্চ থেকে জুন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন ১৬৯০ সালে নির্মিত প্রাচীন ডামসাং দুর্গ। এটি লেপচা রাজা গায়বু আচুর তৈরি। এখান থেকে ঘুরে আসা যায় ছবির মতো সুন্দর সাজানো গোছানো কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি জনপদ সিলারিগাঁও। এছাড়াও ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ ১৭০৪ মিটার উঁচু দেওলো হিল আর পাইন বনে ছাওয়া পেডংয়ের মতো প্রভৃতি জায়গায়। কালিম্পং থেকে পেডংয়ের দূরত্ব ২০ কিলোমিটার।