চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: কালিম্পংয়ের এক অজানা অচেনা অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম হল গিটকলবং (Gitkolbong)। নামটা খটমট হলেও এখানে আসলে উপভোগ করা যাবে হিমালয়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। বাড়তি পাওনা সবুজ চা বাগান ও কুলকুল শব্দ করে বয়ে চলা পাহাড়ি নদী। লাভা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে, কালিম্পং থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত গিটকলবং হল প্রকৃতিপ্রেমী বিশেষ করে ট্রেকারদের স্বর্গরাজ্য। গিটকলবংকে বলা হয় ‘ওক গাছের রাজ্য’।
গিটকলবংয়ের বিশেষত্ব হল নির্জনতা ও বিশুদ্ধ পরিবেশ। চারপাশে পাহাড়, সবুজ বনাঞ্চল, চা বাগান ও নদী ঘেরা এই অফবিট পর্যটন কেন্দ্রে এলে ভিড়ভাট্টা নাগরিক কোলাহলকে পেছনে ফেলে আপনি একেবারে প্রকৃতির সান্নিধ্যে পৌঁছে যেতে পারবেন। গিটকলবং থেকে ছোট্ট ট্রেকিং রুট রয়েছে। পাহাড় চূড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। পাহাড় চূড়ায় ক্যাম্পিং করা যাবে। সবুজ চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। নদীর তীরে বসে কোথা দিয়ে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। শীতে এখানে মাঝেমধ্যে তুষারপাত হয়।
গিটকলবংয়ে এখনো মানুষের আনাগোনা শুরু হয়নি তেমনভাবে তাই অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। পাখিপ্রেমীদের স্বর্গরাজ্য কালিম্পংয়ের এই ছোট্ট পাহাড়ি গ্রাম। পায়ে হেঁটে লেপচাদের এই গ্রাম ঘুরে দেখা যায়।
কীভাবে যাবেন, কোথায় থাকবেন, বেড়ানোর আদর্শ সময়
শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে লাভা পৌঁছতে হবে। লাভা থেকে গাড়ি ভাড়া করে গিটকলবং পৌঁছে যাওয়া যায়। দূরত্ব প্রায় ১০৫ কিলোমিটার। থাকার জন্য হোম স্টে রয়েছে। অক্টোবর থেকে মার্চ মাস বেড়ানোর আদর্শ সময়।