ad
ad

Breaking News

Kalimpong

প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য কালিম্পংয়ের কোলে অচিন গ্রাম ফুরুং

নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পংয়ে এসে রামধুরার রাস্তা ধরলেই পথের বাঁকে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার।

furung-village-travel-guide

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ছবির মতো সাজানো গোছানো সুন্দর পাহাড়ি গ্রাম ফুরুং। প্রকৃতির মাঝে সৌন্দর্য যেন ছড়িয়ে ছিটিয়ে বিলানো হয়েছে। কালিম্পং জেলার এক অল্প চেনা গ্রাম ফুরুং। অনিন্দ্য সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে কয়েক দিন কাটাতে দারুণ লাগবে।

কালিম্পংয়ের কোলে অচিন গ্রাম ফুরুং থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ অসাধারণ। কোলাহলহীন নিস্তব্ধ শান্তির পরিবেশ ফুরুংকে আরও মায়াবী করে তুলেছে। কালিম্পং টাউন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ফুরুং হল ভুটিয়াদের গ্রাম। নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পংয়ে এসে রামধুরার রাস্তা ধরলেই পথের বাঁকে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। নীলাম্বরী আকাশ আর হিমেল বাতাসকে সঙ্গী করে এগিয়ে চলুন। পথের বাঁকে পাহাড়ের ধাপে ধাপে ধান পেকে হলুদ বর্ণ ধারণ করেছে। ভোরবেলায় ময়ূরের ডাকে ঘুম ভাঙবে। চোখ মেলে দেখবেন পাকা ধান খুঁটে খুঁটে খাচ্ছে ময়ূরের দল। আগন্তুক পর্যটক দেখলেই জঙ্গলে চলে যায় ময়ূরের দল। দিনের শেষে ক্ষেতের ফসল খেতে আসে লাজুক হরিণের দলও। রামধুরা থেকে ১০ কিমি দূরে অবস্থিত ফুরুং।

কালিম্পংয়ের কাছে অল্প চেনা গ্রাম ফুরুংয়ে আসলে দেখা মেলে চারিদিকে পাহাড়, চাষজমিতে ফসলের বাহার। গাছে গাছে নানান প্রজাতির পাখির কলরব। আঁকাবাঁকা পাকদণ্ডী পেরিয়ে ধারে ধারে পাইন বনের সারি। মাঝে মধ্যে সিঙ্কোনার চাষ হয়। পাহাড়ের কোলে সবুজ জঙ্গলের মাঝে পাকা ধানের ক্ষেত। পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে হোম স্টে। স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতা মুগ্ধ করবে। চারপাশে রয়েছে ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম। প্রতিটি বাড়ির উঠোনে ফুলের সমারোহ ও অরগ্যানিক ফসলের বাহার।

কী দেখবেন?

ফুরুং থেকে ঘুরে আসা যায় জঙ্গলের ভেতর জলসা বাংলো, ইচ্ছেগাঁও, রিশিখোলা, আরিতার হ্রদ, প্যানোরমিক ভিউয়ের জন্য বিখ্যাত দেওলা হিল, থংসা মনেস্ট্রি, ঐতিহাসিক স্কুল ডক্টর গ্রাহামস হোম, কালিম্পং সায়েন্স সেন্টার, দুরপিন মনেস্ট্রি ও মরগান হাউজ। পাইন ভিউ নার্সারি ও ক্যাকটাস নার্সারিতে গেলে অনেক বিরল প্রজাতির অর্কিড, গাছপালা দেখা যায়। স্থানীয় সংস্কৃতির স্বাদ পেতে ঘুরে দেখা যায় লেপচা মিউজিয়াম।