চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: শহর কলকাতা থেকে খানিক দূরে রয়েছে এমন এক অপূর্ব গন্তব্য যেখানে আসলেই মন গেয়ে উঠবে….” মন হারালো, মন হারালো সেই দিন…..”। এখানে এলেই দেখতে পাবেন পাহাড়, জঙ্গল ও নদী। জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় রয়েছে বিসিন্দা পাহাড়। বাঁকুড়া শহর থেকে মাত্র ৩০ কিমি দূরে অবস্থিত বিসিন্দা পাহাড়ের চূড়ায় উঠলে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজের সমারোহ। মনে হবে যেন কেউ সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। কলকাতা থেকে ২০৪ কিমি দূরে অবস্থিত বিসিন্দা পাহাড়।
কৃষি জমি, টিলা, গাছপালার মধ্যে দিয়ে প্রকৃতির অসাধারণ রূপ ধরা পড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যর পাশাপাশি ধর্মপ্রাণ মানুষের কাছেও গুরুত্বপূর্ণ বিসিন্দা পাহাড়। কারণ এখানে রয়েছে নাচনচণ্ডীর থান। সিঁড়ি বেয়ে উঠতে হয় টিলার চূড়ায়। সিঁড়ি বেয়ে উঠতে থাকলে প্রথমেই হনুমানজীর মূর্তি পড়বে। তারপর রয়েছে শিবলিঙ্গ। আরও কয়েক ধাপ ওপরে রয়েছে দেবী নাচনচণ্ডীর থান। তেঁতুল গাছের নীচে দেবীর ছোট্ট পাথরের মূর্তি। চারপাশে রয়েছে সিঁদুর লেপা মাটির ঘোড়া। স্থানীয় বাসিন্দারা ঘোড়া দিয়ে মানত করেন। দোলপূর্ণিমায় দেবীর বড়ো করে পুজো হয়। সারাবছর নিত্যপুজো হয়।
বর্ষায় প্রকৃতির ক্যানভাসে অন্যরূপে ধরা দেয় বিসিন্দা পাহাড়। আবার শরতে মেঘ খেলা করলে বিসিন্দা পাহাড়ের রূপ আলাদা। বিসিন্দা পাহাড়কে কেন্দ্র করে ঘুরে আসা যায় দুর্গাডিহি, কোরো পাহাড়ের মতো বিভিন্ন অফবিট জায়গা। বিসিন্দা পাহাড়ের চূড়া থেকে বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় দেখা যায়। বিসিন্দা পাহাড়ের কোলে একটি অতিথি নিবাস রয়েছে।