চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : মার্চ মাসের সবে মাত্র শুরু, এর মধ্যেই গরমের দাপট বাড়তে শুরু করেছে বঙ্গে। আর গরম আসলেই ভ্রমণ পিপাসুদের হিড়িক বাড়ে পাহাড়ে যাওয়ার। কিন্তু কোথায় যাবেন? কালিম্পঙে রয়েছে ছোট্ট এক পাহাড়ি গ্রাম যার নাম পেডং। প্রকৃতি তাঁর রূপ দিয়ে যেন ঢেলে সাজিয়েছে পেডংকে। কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই পেডং। কালিম্পং থেকে আলাগাড়ার হয়ে সিকিমের দিকে যে পথ চলে গিয়েছে সেই পথ ধরে এগোলেই দেখা পাওয়া যাবে পেডং এর।
আরও পড়ুন : বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ?
পাহাড় মানেই শান্ত পরিবেশে গিয়ে নিজের সঙ্গে দুদণ্ড সময় কাটানো। চারপাশ সবুজে ঘেরা যা দেখে চোখেও একটা শান্তি অনুভূত হবে আপনার। এই পাহাড়ি জনপদে দেখা মেলে বহু হিমালয়ান পাখি। তাঁদের ডাক শুনলে নিমিষের মধ্যে ভালো হয়ে যায় মন। এখানে মাঝে মধ্যেই ছুটে আসে মেঘেদের দল। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে হোটেল থেকেই দেখতে পাওয়া যায় দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও আপনি চাইলে পেডং এ বসেই দেখতে পাবেন দার্জিলিং, সিকিম, ভূটান এবং তিব্বতের কিছু অংশ। এই পাহাড়ি জনপদের দৃশ্য আরও মায়াবী হয়ে ওঠে যখন রাতের অন্ধকার নেমে আসে।
পূর্ণিমার জ্যোৎস্নায় পাহাড়ি জনপদের চারিদিক দেখতে লাগে আরও অপূর্ব। এখানে শান্ত স্নিগ্ধ ভাবে বয়ে চলেছে তিস্তা নদী। এছাড়াও রয়েছে এক বৌদ্ধ মনেস্ট্রি। ১৮৭৩ সালে স্থাপিত এই বৌদ্ধ মন্দির বেশ জাগ্রত। যারা পেডং ঘুরতে যান তারা এই বৌদ্ধ মন্দির অবশ্যই দেখে আসেন। এছাড়াও রয়েছে ক্রস হিল পয়েন্ট। পেডং এ গ্রামের রাস্তা ধরে হেঁটে গেলে পৌঁছে যাবেন এই ক্রস হিল পয়েন্টে। ভাবছেন কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারবেন পেডং এ।