ad
ad

Breaking News

WhatsApp group chat history feature

টেলিগ্রামের পথেই হোয়াটসঅ্যাপ! গ্রুপে নতুন সদস্য যোগ দিলেও দেখা যাবে পুরনো মেসেজ

নয়া ফিচার চালু হলে নতুন সদস্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার পরে, সেখানে হওয়া আগের চ্যাট দেখতে পারবেন।

WhatsApp group chat history feature

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বর্তমানে হোয়াটসঅ্যাপে কেউ গ্রুপে যোগ দেওয়ার পর পরের মেসেজই দেখা যায়। এবার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে আইফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বদল আনতে চলেছে মেটা কর্তৃপক্ষ। খুব শিগগিরই নতুন করে কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিলে আগের মেসেজও দেখতে পাবেন সেই নতুন সদস্য।

WABetainfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ iOS-এর TestFlight বিটা ভার্সনে ‘Group Chat History’ নামে নতুন ফিচার পরীক্ষা করছে। এই আপডেট আপাতত শুধু TestFlight ব্যবহারকারী iOSদের জন্য পাওয়া যাচ্ছে। ধাপে ধাপে সবার জন্য চালু হবে। নয়া ফিচার চালু হলে নতুন সদস্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার পরে, সেখানে হওয়া আগের চ্যাট দেখতে পারবেন। টেলিগ্রামের মতো অন্য মেসেজিং অ্যাপে পুরোনো মেসেজ দেখা যায়। হোয়াটসঅ্যাপে এতদিন সেই সুবিধা ছিল না। নতুন আপডেটে সর্বোচ্চ শেষ ১৪ দিনের মধ্যে পাঠানো ১০০টি মেসেজ নতুন সদস্যকে পাঠানো যাবে। এই মেসেজগুলি আলাদা রঙে দেখানো হবে, যাতে নতুন মেসেজের সঙ্গে গুলিয়ে না যায়।

গ্রুপে নতুন সদস্য যোগ করার সময় ‘Add Member’ অপশনের পরে একটি নতুন অপশন আসবে, যেখানে পুরোনো মেসেজ শেয়ার করার সুযোগ থাকবে। ব্যবহারকারী চাইলে ১০০টি মেসেজ বা তার চেয়ে কম মেসেজও পাঠাতে পারবেন। তবে এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। অর্থাৎ, নিজে থেকে অনুমতি না দিলে পুরোনো চ্যাট নতুন সদস্য দেখতে পাবেন না। কারও সঙ্গে চ্যাট শেয়ার করলে গ্রুপের পুরোনো সদস্যদের কাছে নোটিফিকেশনও যাবে। পাশাপাশি গ্রুপে জানানো হবে কে নতুন সদস্যের সঙ্গে মেসেজ শেয়ার করেছেন। প্রথম তিনবার নোটিফিকেশন দেখানো হবে, এর পরে ব্যবহারকারী সম্মতি দিলেই মেসেজ পাঠানো হবে।