চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ব্যবহারকারীদের আকর্ষণ করতে এবার মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশন। এটি অন করা থাকলে নির্দিষ্ট কিছু সময়ের পরেই কোনও চ্যাটের কথোপকথন মুছে যেত। এবার ‘আফটার রিডিং’ (After reading) নামে একটি অপশন আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। এই ফিচার অন করা থাকলে মেসেজ পড়ার ১৫ মিনিট পড়ে আপনাআপনি ডিলিট বা মুছে যাবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজের থেকে আলাদা আফটার রিডিং। নয়া ফিচার প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বিটা ২.২৬.১২.২ ভার্সনে দেখা গেছে।
অন্যদিকে, এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও টাকা রোজগার করার সুযোগ আসছে। নতুন এই আপডেট জানিয়েছে WABetainfo। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন ৷ যাঁরা WhatsApp চ্যানেল চালান তাঁরা বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করেন ৷ সেক্ষেত্রে চ্যানেলের মালিকরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নির্ভর কন্টেন্ট তৈরি করে তা শেয়ার করতে পারেন। যাঁরা WhatsApp এ চ্যানেল চালান তাঁরা সাবস্ক্রিপশন মডেল চালু করতে পারেন। অর্থাৎ নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারেন ওই চ্যানেলে থাকা ব্যবহারকারীরা। তাঁদের জন্য নির্দিষ্ট কন্টেন্ট তৈরি করতে পারেন চ্যানেলমালিকরা। যে কন্টেন্ট তৈরি করা হবে সেগুলি অবশ্যই হোয়াটসঅ্যাপের গাইডলাইন মেনে তৈরি করতে হবে ৷ নিয়ম বহির্ভূত কোনও কন্টেন্ট তৈরি করলে সেই চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে ৷
WABetainfo জানিয়েছে, এই সাবস্ক্রিপশন মডেল সম্পূর্ণ ঐচ্ছিক ৷ যাঁরা Android 2.26.14.4 বা তার ওপরের ভার্সন ব্যবহার করছেন এবং তাঁদের স্মার্টফোনে যদি WhatsApp Beta থাকে তাহলে তাঁরা এই ফিচার ব্যবহার করার সুবিধা পাবেন ৷