চিত্র- সংগৃহীত
AK Bangla Desk: নগদ টাকার লেনদেনের পাশাপাশি আজকাল অনেকেই প্রতিদিন ঝামেলাবিহীন আর্থিক লেনদেনে এখন UPI বা অনলাইন পেমেন্টের ওপর ভরসা করেন। কেনাকাটা, যাতায়াত, টাকা দেওয়া নেওয়ার ক্ষেত্রে সর্বত্র Google Pay, PhonePe, Paytm-সহ বিভিন্ন UPI অ্যাপের ব্যবহার বেড়েই চলেছে। এবার ইউপিআই ব্যবহারকারীদের গোপনীয়তা এবং সুরক্ষা আরো জোরদার করতে বড়ো সিদ্ধান্ত নিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ব্যাঙ্ক এবং UPI পরিষেবা প্রদানকারী সংস্থাকে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন সম্পূর্ণ করতে হবে। এরপর থেকেই UPI লেনদেনের ক্ষেত্রে UPI-র মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণ করার সময় ব্যবহারকারীর সম্পূর্ণ মোবাইল নম্বর আর দেখা যাবে না। তার পরিবর্তে শুধুমাত্র শেষ চারটি সংখ্যা (Last Four Digits) দেখা যাবে। এছাড়া QR কোডের মাধ্যমে পেমেন্টের পর গ্রাহকের মোবাইল নম্বর আর দেখানো যাবে না। একই সঙ্গে এনসিপিআই ইউপিআই অ্যাপগুলিকে এমন মোবাইল নম্বর-নির্ভর নয় এমন UPI ID তৈরির সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে, যা ব্যবহারকারীরা ডিফল্ট আইডি হিসেবেও ব্যবহার করতে পারবেন।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন,ইউপিআই লেনদেনের সময় মোবাইল নম্বর প্রকাশ্যে দেখা যাওয়ার ফলে ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা বাড়ছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এনসিপিআই একটি সার্কুলার জারি করে সমস্ত ইউপিআই অ্যাপ এবং ব্যাঙ্ককে গ্রাহকদের মোবাইল নম্বর গোপন রাখার নির্দেশ দেয়। নতুন নির্দেশিকা অনুযায়ী UPI আইডি, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য আড়াল করে দেখাতে হবে।