ad
ad

Breaking News

ভারতের বাজারে মেলা ৯০% রেডি টু ইট খাবারে রয়েছে প্রচুর পরিমাণে নুন, চাঞ্চল্যকর তথ্য গবেষণা রিপোর্টে

সকালের জলখাবারে খাওয়া হয় এমন ৬০-৭০% খাবারে কৃত্রিম অ্যাডিটিভ ব্যবহার করা হয়েছে।

study-warns-packaged-foods-india-harmful-additives-health-risks

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: কর্মব্যস্ত জীবনে সময় বাঁচাতে আজ সব বয়সের ভারতীয়রা ভীষণ ভাবে প্যাকেটজাত নানান রকম বাজারচলতি খাবারের ওপর নির্ভরশীল হয়ে উঠেছেন।
কিন্তু সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, একাধিক প্যাকেটজাত খাবারে অতিরিক্ত পরিমাণে কৃত্রিম অ্যাডিটিভ ব্যবহার করা হয়েছে। ৮০% এর বেশি প্যাকেটজাত বিস্কুট ও কুকিজে কৃত্রিম শর্করা, রঙ, ফ্লেভার ও শরীরের পক্ষে ক্ষতিকর পাম অয়েল ব্যবহার করা হয়েছে।

সকালের জলখাবারে খাওয়া হয় এমন ৬০-৭০% খাবারে কৃত্রিম অ্যাডিটিভ ব্যবহার করা হয়েছে। ৮০% নোনতা মুখরোচক ভাজাভুজি খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে। ৮০% চকোলেট ও মিষ্টান্নতে অতিরিক্ত পরিমাণে শর্করা ও স্যাচুরেটেড ফ্যাট আছে। দুগ্ধজাত রেডি টু ইট ৭৮% পানীয়তে অতিরিক্ত পরিমাণে শর্করা দেওয়া আছে। ৯৮% কৃত্রিম পানীয় ও হেলথ ড্রিংকসে অতিরিক্ত পরিমাণে ক্ষতিকর অ্যাডিটিভ ব্যবহার করা হয়েছে। ৯০% রেডি টু ইট খাবারে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয়েছে। ৯৬% রেডি টু ইট চটজলদি খাবারে কৃত্রিম অ্যাডিটিভ ব্যবহার করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ভারতে গ্রাম হোক কিংবা শহরে প্রতিটি বাড়িতেই প্যাকেটজাত বাজারচলতি খাবার ও পানীয়র ব্যবহার বেড়ে গেছে। বিস্কুট, কর্নফ্লেক্স, মুয়েসলি, সিরিয়াল, কৃত্রিম ঠান্ডা পানীয়, হেলথ ড্রিংকস থেকে শুরু করে ইনস্ট্যান্ট খাবার, সমস্ত রকম প্যাকেটজাত খাবারে স্বাদ বাড়াতে অতিরিক্ত পরিমাণে কৃত্রিম ফ্লেভার, অ্যাডিটিভ ও রঙ মেশানো হচ্ছে। এসব জিনিসে অতিরিক্ত পরিমাণে শরীরে ঢুকছে বলে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে নানান বয়সের মানুষ।

এই গবেষণা চালায় Natfirst নামক সংস্থা ও তার কনজিউমার নিউট্রিশন প্লাটফর্ম TruthIn। ২৫টি ক্যাটাগরির ২৩ হাজার রকমের প্যাকেটজাত পণ্য ও পানীয় পরীক্ষা করে দেখা হয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলের সাহায্যে।

অন্যদিকে, খাবারের শেলফ লাইফ বা আয়ু বাড়াতে অর্থাৎ দীর্ঘ সময় ধরে যাতে সেই খাবার ব্যবহার করা যায় তার জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ফ্রান্সে হওয়া ১ গবেষণায় দেখা গেছে খাবারে ব্যবহার করা সাধারণ প্রিজারভেটিভ যা মূলত প্যাকেটজাত খাবার ও আল্ট্রা প্রসেসড খাবারে ব্যবহার করা হয় তা বাড়িয়ে তুলছে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি। গবেষকরা ১ লাখ ১২ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়েছেন। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

প্রসেস করা মাছ, মাংস, কেক, পেস্ট্রি, বিস্কুট, পাঁউরুটি, কুকিজ, সস, মদ, হেলথ ড্রিংকস, রেডি টু ইট খাবারে ব্যবহার করা হয় প্রিজারভেটিভ। কিছু প্রিজারভেটিভ যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তা ক্যানসার ও টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে তোলে।
অন্যদিকে, আলাদা এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, কৃত্রিম শর্করা মিশ্রিত ঠান্ডা পানীয় খেলে কমবয়সিদের ৩৪% মানসিক উদ্বেগের পরিমাণ বাড়ে।

Bournemouth University র একদল গবেষক কমবয়সিদের কৃত্রিম শর্করা মিশ্রিত ঠান্ডা পানীয় খাওয়ার প্রবণতা নিয়ে ৯টি আলাদা আলাদা গবেষণা চালান। গবেষকদের দাবি কৃত্রিম শর্করা মিশ্রিত এসব ঠান্ডা পানীয়তে পুষ্টি না থাকলেও ক্যালরি বাড়িয়ে তোলে। এছাড়াও অনেক এনার্জি ড্রিঙ্কে কৃত্রিম শর্করা ছাড়াও ক্যাফিন থাকে যা হৃদপিণ্ডর ধুকপুকানি বাড়িয়ে তোলে। অযথা মানসিক উদ্বেগ ও উত্তেজনা বাড়িয়ে তোলে। গবেষণা প্রকাশিত হয়েছে Human Nutrition and Dietetics নামক জার্নালে।