চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: সত্যি কতটা জরুরি? ডার্মাটোলজিস্টরা বলছেন শুধুমাত্র রং খেলার পরে ত্বকের যত্ন নেওয়াই যথেষ্ট নয়, বরং যত্নটা নেওয়া উচিত রং খেলার আগে থেকেই (Holi Skincare)। কীভাবে নেবেন ত্বক এবং চুলের যত্ন? বাচ্চাদের জন্যই বাকি পরামর্শ? জানালেন বিশিষ্ট চিকিৎসক, কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট ও কসমেটোলজিস্ট, ডক্টর ঈশিতা পাত্র। কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্পিতা বসু।

প্রশ্ন : রং খেলার (Holi Skincare) আগে আপনারা ‘pre holi skin care’ এর পরামর্শ দেন। ঠিক কিভাবে তা করা উচিত যদি একটু বুঝিয়ে বলেন?
উত্তর : আবিরের রাসায়নিক, ত্বক আর চুলের মারাত্মক ক্ষতি করে। রঙের কারণে ত্বক ভীষণ শুষ্ক হয়ে যায়। ত্বকের ভিতরেও রং বসে যেতে পারে। যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের ত্বকে জ্বালা ভাব , ফুসকুড়ি দেখা দিতে পারে। আবার চুলে রং লাগলেও চুল শুষ্ক আর রুক্ষ হয়ে যেতে পারে। দোলের রং বা আবির যাই মাখুন না কেন, সবেতেই থাকে ক্ষতিকর রাসায়নিক। বাজার চলতি প্রচুর ভেষজ রং পাবেন। তবে এই ভেষজ রং কেনার আগে তার উপাদানগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। কারণ প্রত্যেক উপাদান প্রত্যেকের ত্বকের জন্যে ভালো নাও হতে পারে। তাছাড়া রং বা আবির কোনওটাই ত্বকে দীর্ঘক্ষণ লেগে থাকলে নানা সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই খেলার আগে অবশ্যই যেমন ত্বক এবং চুলের যত্ন নেওয়া উচিত ঠিক তেমনি, খেলা শেষে যত তাড়াতাড়ি সম্ভব ত্বক থেকে রং তুলে ফেলা উচিত।
প্রশ্ন : রং খেলার আগে অনেকেই মুখে তেল মাখার পরামর্শ দেন। এতে সত্যিই কতটা ত্বকের উপকার হয়?
উত্তর : হ্যাঁ, মুখে অ্যালোভেরা যুক্ত ময়েশ্চারাইজার বা তেল মেখে নিলে ত্বকে একটা আস্তরণ তৈরি হয়। যে আস্তরণ ভেদ করে রং ত্বকের সংস্পর্শে আসতে পারে না। ফলে ত্বকে রঙের প্রতিক্রিয়াও কম হয়। নারকেল তেল বা অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন। আবার অনেকের তেল মাখলে র্যাশের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে রং খেলার আগে অ্যালোভেরা যুক্ত ভালো মশ্চারাইজার মেখে নিতে পারেন।
প্রশ্ন : চুলের ক্ষেত্রেও কী একই পরামর্শ (Holi Skincare)?
উত্তর : অবশ্যই। রং খেলার আগে মাথার চুলেও ভালো করে তেল মেখে নিন। এর ফলে চুল ও স্ক্যাল্পের উপর একটা আস্তরণ তৈরি হয়। তাতে চুলে রং বসতে পারেনা এবং রং ওঠানোর ক্ষেত্রেও সুবিধা হয়।
প্রশ্ন : অনেকের ত্বকে র্যাশ বা চুলকানির সমস্যা থাকে তাঁদের জন্য কী পরামর্শ?
উত্তর : যাঁদের ত্বক সংবেদনশীল, ত্বকে র্যাশ বা অ্যালার্জির সমস্যা রয়েছে, রং থেকে তাঁদের এই সমস্যা আরো বাড়তে পারে। তাই তাঁদের রং খেলা এড়িয়ে চলা উচিত। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই কিছু বিশেষ সতর্কতা মেনে চলুন। যেমন, রং খেলার আগে ভালো সানস্ক্রিন এবং অ্যালোভেরা যুক্ত মশ্চারাইজার ব্যবহার করুন।খেলার পর যত দ্রুত সম্ভব রং তুলে ফেলুন। আবার অনেকের ক্ষেত্রেই রং খেলার পর ত্বকে লালচে ভাব দেখা দেয়। সেক্ষেত্রে ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন। যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : বাচ্চাদের ত্বক খুবই সেনসিটিভ হয় সে ক্ষেত্রে কি করনীয় (Holi Skincare)?
উত্তর : শিশুদের ত্বক এমনিতেই খুব স্পর্শকাতর। তাই সিন্থেটিক বা রাসায়নিক রং-এর পরিবর্তে ভেষজ রং ব্যবহার করুন। কারণ কৃত্রিম ভাবে তৈরি বিভিন্ন রাসায়নিক রং শিশুর ত্বকে এবং শরীরের উপর প্রভাব ফেলতে পারে। রং খেলার আগে অবশ্যই বাচ্চাদের মেডিকেটেড ময়শ্চারাইজার লাগান, গা ঢাকা পোশাক পরান।
প্রশ্ন : ত্বকে যদি আগে থেকেই কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রে কী রং খেলা থেকে বিরত থাকা উচিত?
উত্তর : অবশ্যই বিরত থাকা উচিত বা চিকিৎসকের পরামর্শ না নিয়ে রং খেলা উচিত নয়।কেমিক্যালযুক্ত রঙে লালচে ভাব,অ্যালার্জি, জ্বালাভাব বা সংক্রমণের তীব্রতা বেড়ে গিয়ে ত্বকের গুরুতর ক্ষতি হতে পারে।
প্রশ্ন : দোলের জেদি রং ত্বক এবং চুল থেকে তোলার জন্য সবথেকে উপকারী কী?
উত্তর: রং তোলার ক্ষেত্রে কখনোই কোনো স্ক্রাবার বা খসখসে সাবান ব্যবহার করবেন না। খুব গরম জলের পরিবর্তে ঈষৎ উষ্ণ জল ব্যবহার করুন। ভালো ফেস ওয়াশ ,ক্লিনজার ব্যবহার করুন এবং রং তোলার পর যে কোনও ভাল মশ্চারাইজার মেখে নিন।
প্রশ্ন : ঠোঁট এবং নখে রং লেগে থাকলে কি করনীয় (Holi Skincare)?
উত্তর : রং খেলার আগে নখে গাঢ়হ রঙের নেলপালিশ ব্যবহার করুন। এতে সরাসরি নখে রং লাগবে না। যাঁরা নেলপলিশ ব্যবহার করতে পারবেন না , তাঁরা রং খেলার পরেই নেলপলিশ রিমুভার ব্যবহার করুন। ঠোঁটের ক্ষেত্রেও অ্যালোভেরা যুক্ত লিপ বাম লাগান।
প্রশ্ন: সবশেষে পাঠকদের উদ্দেশ্যে কী বলতে চাইবেন?
উত্তর: দোল আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত আনন্দের উৎসব। তবে অবশ্যই কিছু সাবধানতা মেনে চলা উচিত।
১) সিন্থেটিক বা ক্ষতিকারক রঙের বদলে ভেষজ বা প্রাকৃতিক রঙ ব্যবহার করুন।
২)শরীর পুরোপুরি ঢাকা থাকে এমন সুতির পোশাক পরুন।
৩) রং খেলার আগে নখে নেলপলিশ ব্যবহার করুন এবং ঠোঁটের ক্ষেত্রে ভালো অ্যালোভেরা যুক্ত লিপ বাম ব্যবহার করুন।
৪)রঙ তোলার ক্ষেত্রে খসখসে সাবান বা খুব গরম জল ব্যবহার করবেন না। মৃদু ক্লিনজার এবং
ঈষৎ উষ্ণ বা ঠান্ডা জল ব্যবহার করুন।
৫)ত্বকে র্যাশ বা অ্যালার্জির সমস্যা হলে রং তোলার পরই অ্যালোভেরা জেল বা ক্যালমাইন লোশন লাগান।
৬)ত্বক যদি বেশি লাল হয়ে যায় বা সমস্যা বাড়ে , নিজে থেকে কোনো ওষুধ ব্যবহার না করেই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
৭) সব থেকে গুরুত্বপূর্ণ নিজেকে হাইড্রেটেড রাখুন।