ad
ad

Breaking News

গরমের মতোই বর্ষার মরসুমেও ব্রণর জ্বালায় নাজেহাল? কীভাবে মিলবে উপশম

হলুদ গুঁড়ো বা বাটা আর চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান।

monsoon-acne-care-natural-homemade-face-packs-for-oily-skin

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: বাজারচলতি নানান রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও সমস্যার সমাধান অধরা। গরমের মতোই বর্ষার মরসুমেও তৈলাক্ত ত্বকের অধিকারীরা ব্রণর সমস্যায় নাজেহাল হন। বর্ষার মরসুমেও বাড়ছে ব্রণ, ফুসকুড়ি, অ্যালার্জির সমস্যা। অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় ত্বকের সেবাম গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণে তেল বা সেবামের নিঃসরণ হচ্ছে। তৈলাক্ত ত্বকে ছিদ্র বন্ধ হয়ে যায়। ত্বক লালচে হয়ে যায়। চুলকানির সমস্যা দেখা যায়। মুখে ব্রণ হয়ে থাকলে সব সাজই মাটি। সবার পক্ষে পার্লার বা সালোঁতে গিয়ে বিউটি ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না। ঘরোয়া উপাদানেই মিলতে পারে ব্রণর জ্বালা থেকে মুক্তি।

ব্রণর নিরাময় ঘরোয়া কী উপাদান দিয়ে তৈরি করবেন ফেসপ্যাক? 

হলুদ গুঁড়ো বা বাটা আর চন্দনের গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। কয়েক মিনিট রেখে শুকনো করে নিন। ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। হালকা মাইল্ড ময়েশ্চারাইজার লাগান। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে হলুদ গুঁড়ো, চন্দনের গুঁড়ো ও গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে পেস্ট করে নিন। সপ্তাহে একদিন ফেসপ্যাক লাগালে ত্বকের মরা কোষ এবং অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়। স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরে আসে।

বর্ষায় কেন ত্বকের জন্য এই ফেসপ্যাক উপকারী?

ব্রণর কারণে ত্বক লালচে হয়ে ফুলে ফেঁপে ওঠে। হলুদে কারকুমিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেমটরি পদার্থ আছে যা লালচে ও ফোলা ভাব দূর করে। চুলকানির সমস্যা দূর করে। পরিবেশ দূষণের হাত থেকে ত্বককে রক্ষা করে। আর্দ্র আবহাওয়াতেও ত্বক ঝরঝরে তাজা থাকে। হলুদে আছে অ্যান্টিইনফ্লেমটরি গুণ যা ব্রণ দূর করে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।
মুলতানি মাটি অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। বন্ধ হয়ে যাওয়া ত্বকের ছিদ্র খুলে দেয়। গোলাপ জল ত্বকের লালচে ও ফোলা ভাব দূর করে। চুলকানি দূর করে। চন্দন গুঁড়োয় অ্যান্টিসেপ্টিক গুণ আছে যা ব্রণ, ফুসকুড়ির মতো ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। গোলাপ জল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাই বর্ষাকালে ত্বকের পরিচর্যায় মুখে গোলাপ জল ও চন্দন গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে লাগান।

ব্রণ ফাটালে কী হয়?

ব্রণ ফাটালে ব্রণর দাগ ত্বকে চিরস্থায়ী ভাবে থেকে যায়। ত্বকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। আরও বেশি ব্রণ হবে। তেল আর ব্যাক্টেরিয়া ত্বকের ভেতরে ঢুকে গিয়ে আরও বেশি জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

ব্রণ আটকাতে কী করবেন?

ত্বক আর্দ্র রাখতে বেশি পরিমাণে জল খান। বেশি মেকআপ করবেন না। ত্বক অনুযায়ী প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। রাসায়নিক মিশ্রিত কসমেটিকস বেশি ব্যবহার করবেন না। মেকআপ পরিষ্কার করবেন।

বর্ষাকালে ত্বকের পরিচর্যায় কোন কোন বিষয় মাথায় রাখবেন

১) তৈলাক্ত ত্বক হলে ব্লটিং পেপার সঙ্গে রাখবেন। অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেবে। ত্বকে ময়লা জমা হবে না।

২) মেকআপের জন্য পাউডার বেস ব্যবহার করবেন। ক্রিমি বেস নয়। নাহলে মুখ অতিরিক্ত তৈলাক্ত লাগবে

৩) বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে তাই সপ্তাহে ২ বার স্ক্রাব করবেন আর দিনে ৩ বার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন।

৪) বর্ষাকালে ত্বকের ময়েশ্চারাইজার লাগানো জরুরি। সকালে হালকা জেল বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার লাগান।

৫) ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে মরসুমি ফল ও সবজি আর জল খাবেন।