চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: উৎসবের মরসুম এখনো চলছে। এদিকে আবহাওয়ারও হাওয়াবদল হচ্ছে ধীরে ধীরে। ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে উঠছে। জামাকাপড় ও গয়নাগাটি পরলেই তো হবে না? ত্বকেরও চাই সমান যত্ন। ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে তাই ভরসা রাখুন দুধের সর বা মালাইয়ের ওপর। ত্বক রুক্ষ ও শুষ্ক হলে দুধের সর বিশেষ উপকারী। দুধের সর দিয়ে তৈরি বিশেষ ফেসপ্যাক তৈরি করে মুখে লাগান। ত্বকের স্বাভাবিক জেল্লা যেমন ফিরবে তেমনই ত্বকও থাকবে সুস্থ (Milk Facepacks)।
কেমন ভাবে দুধের সর দিয়ে তৈরি করবেন বিশেষ ফেসপ্যাক
দাগছোপ ও সূর্যের আলোয় ত্বক কালচে হয়ে গেলে ব্যবহার করবেন দুধের সর ও বেসনের ফেসপ্যাক। ১ চামচ বেসন গুঁড়ো ও এক চামচ দুধের সর ও আধ চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখে ও ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিট রেখে শুকনো করে নিন। শুকিয়ে গেলে হালকা করে ঘষুন। ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
ত্বক নিস্তেজ ও মলিন হয়ে গেলে ব্যবহার করুন কেশর ও দুধের সর দিয়ে তৈরি ফেসপ্যাক। এই বিশেষ ফেসপ্যাক ত্বকের রুক্ষ ভাব দূর করে। ১ চামচ দুধের সর, আধ চামচ চন্দন গুঁড়ো ও এক চিমটে কেশর মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখে লাগান। ২০ মিনিট রেখে মুখ পরিষ্কার করে নিন জলে ধুয়ে (Milk Facepacks)।
ত্বকের দাগছোপ দূর করতে ও মলিন ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে হলুদ গুঁড়ো ও দুধের সর দিয়ে তৈরি ফেসপ্যাক লাগান। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ হলুদ গুঁড়ো দুধের সরের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। দাগছোপ দূর হয়। ত্বক নরম ও জেল্লাদার হয়ে উঠবে। এক চামচ দুধের সর, এক চিমটে হলুদ গুঁড়ো ও আধ চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে আলতো ভাবে ম্যাসাজ করুন। জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
রুক্ষ ও শুষ্ক ত্বকে স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরিয়ে আনতে ২ চামচ দুধের সর ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বক অত্যন্ত শুষ্ক হলে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। ১৫ মিনিট রেখে মুখ পরিষ্কার করে নিন। ত্বককে উজ্জ্বল করে তুলবে। স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে (Milk Facepacks)।
ত্বকের জন্য কতটা উপকারী দুধের সর
দুধের সরে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, ফ্যাট ও প্রোটিন। এসব উপাদান ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ত্বকে পুষ্টি জোগায়। ল্যাকটিক অ্যাসিড ত্বকের মরা কোষ দূর করে ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। দুধের সরে থাকা ফ্যাট ও প্রোটিন ত্বকের স্বাভাবিক টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে। ফাইন লাইনস ও বলিরেখা দূর করে।
দুধের সর দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করার আগে কোন বিষয় মাথায় রাখবেন (Milk Facepacks)
টাটকা দুধের সর ব্যবহার করবেন। তাতে বেশি পরিমাণে অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে।
আগে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর মুখে ফেসপ্যাক লাগান।
দুধের সর দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে অবশ্যই হালকা করে ঘষুন মুখে। এতে রক্ত সঞ্চালন বাড়বে ত্বকে। ত্বক অনেক বেশি রিল্যাক্স থাকবে।
দুধের সর যাতে ত্বকে ভালো করে মিশে যায় তাই ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ পরিষ্কার করবেন।