চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই ‘যুব সাথী’ প্রকল্পের অর্থ প্রদান শুরু করার কথা জানালেন তিনি। শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজ্যের যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে আজ থেকেই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীদের জন্য চালু করা হয়েছে ‘যুব সাথী’ প্রকল্প। মূলত কর্মসংস্থানের সন্ধানে থাকা তরুণ-তরুণীদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হল। ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। প্রায় এক কোটি যুবক-যুবতী ‘যুব সাথী’ প্রকল্পে আবেদন করেছেন। আবেদন যাচাইয়ের কাজ চলার পর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।
ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের তরুণ প্রজন্মকে স্বনির্ভর করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। পড়াশোনা শেষ করে যারা কাজের সন্ধানে রয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, এই প্রকল্প বহু পরিবারের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে এবং যুব সমাজকে নতুনভাবে এগিয়ে যেতে উৎসাহ দেবে।