ad
ad

Breaking News

Maa Flyover

চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনার কবলে তরুণী

দুর্ঘটনার কারণে মা উড়ালপুলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ ইতিমধ্যেই উড়ালপুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Woman killed in flyover accident on her way to job interview

চিত্র - নিজস্ব

Bangla Jago Desk: চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ডোমজুড়ের এক তরুণী। সোমবার সকালে সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি সংস্থায় ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মা উড়ালপুলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

জানা যাচ্ছে, দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ওই তরুণী একটি অ্যাপ বাইকে চড়েন। বাইকটি মা উড়ালপুলে ওঠার পর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কার ফলে বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এর ফলে হেলমেট খুলে বাইক থেকে ছিটকে পড়েন ওই তরুণী। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বাইকচালকও আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

মা উড়ালপুলে দুর্ঘটনা নতুন কিছু নয়। অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে। সোমবারের এই বাইক দুর্ঘটনার কারণ গতিই ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, আর সেই ধাক্কাতেই তরুণী বাইক থেকে ছিটকে পড়ে যান।

ঘটনার খবর পেয়েই প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত তরুণীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। দুর্ঘটনার কারণে মা উড়ালপুলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ ইতিমধ্যেই উড়ালপুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।