চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: শীত ধীরে ধীরে তার ইনিংসের শেষ প্রান্তে পৌঁছেছে বলাই যায়। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে মাঘ মাসের প্রথমার্ধে এসে কার্যত বিদায়ের সুর শোনাতে শুরু করেছে শীত। গোটা পৌষ মাস জুড়েই বাংলার আবহাওয়ায় শীত ছিল দাপুটে মেজাজে। বহুদিন পর এমন দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক শীতের অনুভূতি পেয়েছে বাংলা। তবে মাঘের শুরু থেকেই সেই কনকনে ঠান্ডা ধীরে ধীরে কমতে শুরু করেছে।
সামনেই বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো, যাকে বাঙালিরা ভালোবেসে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বলেও মনে করেন। তবে এবছর সরস্বতী পুজোর দিন কনকনে শীতের আমেজ তেমন থাকবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। যদিও সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। রবিবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে, তবে ভোর ও সকালে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্যের মতে, রবিবার ও সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এরপর সোমবার থেকে বুধবারের মধ্যে তা ধীরে ধীরে বেড়ে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। জেলার ক্ষেত্রেও সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার সামান্য কমতে পারে অথবা একইরকম থাকবে কয়েকদিন। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে এবং আগামী পাঁচ থেকে সাত দিনে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও এই জেলাগুলিতে কুয়াশার প্রভাব বজায় থাকবে।
সরস্বতী পুজোর দিন সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকবে। হালকা শীতের অনুভূতি থাকলেও বেলার দিকে রোদের প্রভাবে সামান্য উষ্ণতা অনুভূত হতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা কম, তবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় কুয়াশার ঘনঘটা বেশি থাকবে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
গত দিনের তাপমাত্রার হিসেব অনুযায়ী, শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.০৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০৯ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ।