চিত্র: জেমিনাই
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতের স্পেল বজায় থাকবে বলেই আশ্বাস আবহবিদদের।
রাজ্যের পশ্চিমাঞ্চলে শীতের দাপট বেশি। বীরভূম ও বাঁকুড়া জেলায় রাতের তাপমাত্রা নেমেছে ১১-১২ ডিগ্রিতে। কোচবিহার ও আলিপুরদুয়ারে পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। পাহাড়ি অঞ্চলে আরও বেশি শীত দার্জিলিংয়ে সর্বনিম্ন ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহ পাহাড়ে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে দফতর। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুটা সময় লাগবে (Winter Update)।
আপাতত আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী ৪৮–৭২ ঘণ্টা মাঝারি কুয়াশার সতর্কতা জারি রয়েছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৩ ডিগ্রি, উপকূলবর্তী জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।আবহবিদদের মতে, উত্তুরে হাওয়ার প্রবেশে কোনও বাধা নেই। ফলে শীতের আনন্দে ভাটা পড়ার কোনও সম্ভাবনা নেই (Winter Update)।