চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গ। বড়দিনে জাঁকিয়ে শীতের কবলে গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে শীতের দাপট বাড়তে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া, যার প্রভাবে আগামী কয়েকদিন হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি বজায় থাকবে (Winter Forecast)।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বড়দিনের রাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে পশ্চিমের জেলাগুলোতে শীতের কামড় হবে আরও তীব্র। বিশেষ করে পুরুলিয়ায় পারদ ৯ ডিগ্রিতে নামার পূর্বাভাস রয়েছে। বীরভূম ও বাঁকুড়াতেও জাঁকিয়ে শীতের সাথে সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত তাপমাত্রার এই পতন অব্যাহত থাকলেও রবিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত পারদ স্থিতিশীল থাকতে পারে। আজ ২৫ ডিসেম্বর কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে শীতের দাপট ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। হিমেল হাওয়ার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম। আগামী দুই দিনে সেখানে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পর্যটন কেন্দ্র দার্জিলিং ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে থাকবে। কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে (Winter Forecast)।
আবহাওয়া দপ্তরের মতে, বর্তমানে দুই বঙ্গেই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়ার কারণেই মূলত শীতের এই কামড় অনুভূত হচ্ছে। বড়দিনের উৎসবের আবহে এই কনকনে ঠান্ডা পর্যটক এবং সাধারণ মানুষের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।