চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দুয়ারে শীত আসি-আসি করছে। হাওয়ায় ঠাণ্ডার পরশ রাতে আর ভোরে ভালই মালুম হচ্ছে। শীত যে আর বেশি দূরে নেই, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। নভেম্বরের শুরু থেকেই দ্রুত বদলাতে শুরু করেছে আবহাওয়া। নিম্নচাপের রেশ কেটে যাওয়ার পরেই উত্তর পশ্চিমের শীতল বাতাসও ধীরে-ধীরে বইতে শুরু করেছে রাজ্যে। বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে ঘোরাফেরা করছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে (Winter Forecastin)।
ভোরের দিকে বা বেশি রাতে সব জেলাতেই হালকা কুয়াশার দাপট দেখা যাচ্ছে। কোথাও আবার কুয়াশা ঘন আকার ধারণ করছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে কুয়াশার দাপট তুলনামূলকভাবে একটু বেশি। উপকূল সংলগ্ন জেলাগুলিতেও একই ছবি। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রাও হঠাৎ নেমে যেতে পারে বেশ কিছটা, জানিয়েছে হাওয়া অফিস। এমনকি ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ। আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আলিপুর। পশ্চিমের জেলাগুলিতে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে তাপমাত্রা।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকালে হালকা কুয়াশার দেখা মিলতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। পার্বত্য এলাকায় তুলনামূলকভাবে কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। মোটের উপর আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে (Winter Forecastin)।