চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে বলে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা। ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সাথে উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া রাজ্যের এই ৯ টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি আগামী মঙ্গলবার কলকাতায় পয়লা বৈশাখ পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার শহরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায়।
[আরও পড়ুন: ডাবরের বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি! বৈজ্ঞানিক প্রমাণ হাজিরের নির্দেশ দিল্লি হাইকোর্টের]
অন্যদিকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে শনিবারও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় এই সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরের সব জেলাতেই রয়েছে কমলা সতর্কতা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতি থাকবে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। রবিবার উত্তরের প্রত্যেক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই ঝড়বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত বলে এমনটাই জানা গেছে। তবে আগামী পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হবে না।