সংগৃহীত
Bangla Jago Desk,Mou basu: নানান সময় নানান বিমান সংস্থার উড়ানে সহযাত্রীদের দ্বারা মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, হেনস্তার ঘটনার অভিযোগ উঠেছে। এসব কথা বিবেচনা করেই এবার বিশেষ উদ্যোগী হয়েছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো। মহিলা যাত্রীদের বিমান সফর সুরক্ষিত রাখতে এবার বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে ইন্ডিগো।এবার থেকে ইন্ডিগো বিমানে সফররত কোনও মহিলা, অন্য কোনও মহিলা যাত্রীর পাশে নিজের আসন আগে থাকতেই বুক করতে পারবেন। ওয়েব চেক ইনের সময়েই এই বিশেষ পরিষেবা নিতে পারবেন মহিলা যাত্রীরা।
[ আরও পড়ুন: Abhishek Banerjee: আর কতদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মেয়াদ থাকছে? দিন বেঁধে দিলেন অভিষেক]
ইন্ডিগোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,এই সুবিধা শুধুমাত্র মহিলাদের PNR এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সোলো এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। মহিলা যাত্রীদের সুরক্ষা আর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো। যদিও পুরো বিষয়টি এখন পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। মহিলা সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি সংস্থার।
অতীতে ফ্লাইটগুলিতে একাধিক অপ্রীতিকর ঘটনার পরে এই ‘গার্ল পাওয়ার’ নীতি নিয়ে আসা হয়েছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার বিমানে একজন পুরুষ যাত্রী পাশে বসে থাকা বয়স্ক মহিলা যাত্রীর উপর প্রস্রাব করেছিলেন। ২০২৩ সালের জুলাই মাসে দিল্লি-মুম্বই ইন্ডিগো বিমানের মধ্যেই একজন অধ্যাপকের বিরুদ্ধে সহযাত্রী মহিলা ডাক্তারকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। ২০২৩ সালের সেপ্টেম্বরে মুম্বই-গুয়াহাটি ইন্ডিগো বিমানে ফের এক মহিলা যাত্রী যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে।
ইন্ডিগোর তরফে আরও জানানো হয়েছে, পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্প্রতি তাদের তরফে একটি মার্কেট রিসার্চ করা হয়। মূলত মহিলা যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য দিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এনিয়ে সমীক্ষা চালানো হয়।সমীক্ষায় মহিলা যাত্রীদের আসন সংক্রান্ত সমস্যার বিষয়টি উঠে আসে। আর তারপরেই মহিলা যাত্রীদের আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে পদক্ষেপ করার বিশেষ উদ্যোগ নিল ইন্ডিগো