চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাস এখন মাঝামাঝি পর্যায়ে এবং সামনেই মকর সংক্রান্তি। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। উত্তরবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি ওঠানামা করলেও দক্ষিণবঙ্গে আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে পূর্বাভাস।
রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তুলনামূলকভাবে বেড়েছিল। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুরে, যেখানে পারদ নেমেছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ওই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন। কলকাতা ও তার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে থাকলেও, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম থাকায় শীতের অনুভূতি ছিল প্রবল।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, রবিবার সকাল থেকেই আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা। বায়ুমণ্ডলের নিচু স্তরে কুয়াশার আধিক্যের ফলে সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারেনি। এর জেরেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫.৯ ডিগ্রি কম রেকর্ড হয়েছে এবং ঠান্ডা বেশি অনুভূত হয়েছে। যদিও নতুন বছরের শুরু থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছিল এবং গত চার দিনে পারদ ৩ ডিগ্রি বেড়ে রবিবার ১৪ ডিগ্রির ঘরে উঠেছিল।
সোমবার দিনের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। এ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২০ এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পারদের কাঁটা ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে আরও তিন দিন এই নিম্ন তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। সেই সঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে শীত ইতিমধ্যেই চরমে। পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংয়ে তুষারপাত হয়েছে এবং সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রির ঘরে নেমেছে। সোমবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। কালিম্পংয়ে ৯ ডিগ্রি, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ নামার সম্ভাবনা রয়েছে। রামসাই, কোচবিহার, রতুয়া ও মালদাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে এবং কুয়াশার দাপট অব্যাহত থাকবে।
কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৯ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৭৩ শতাংশ এবং সর্বোচ্চ ৯৫ শতাংশ।