ad
ad

Breaking News

West Bengal Police Reshuffle

রাজ্য পুলিশের নয়া ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের সিপি হলেন সুপ্রতিম সরকার

পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের ঘোষণা করা হল

West Bengal Police Reshuffle

বাঁ দিকে- পীযূষ পান্ডে, ডান দিকে- সুপ্রতিম সরকার

Bangla Jago Desk: সদ্য অবসর নিয়েছেন আইপিএস রাজীব কুমার। তাঁর পরবর্তী সময়ে রাজ্য পুলিশের ডিজি কে হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছিল। সেই আবহেই রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের ঘোষণা করা হল। আপাতত ভারপ্রাপ্ত ডিজি পদে দায়িত্ব পেলেন আইপিএস পীযূষ পাণ্ডে।একই সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারকে করা হয়েছে কলকাতা পুলিশের কমিশনার। অন্যদিকে, বর্তমান নগরপাল মনোজ ভার্মাকে সরিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল পেলেন এডিজি, আইনশৃঙ্খলা-র দায়িত্ব। এছাড়াও এসটিএফ-এর এডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামিম-কে। রাজ্য পুলিশে শীর্ষ স্তরের এই রদবদল ঘিরে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

শুধু শীর্ষ স্তরেই নয়, কলকাতা পুলিশেও ব্যাপক রদবদল হয়েছে। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, মোট ৫২ জন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জনই বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত ওসি। পাশাপাশি শহরের আটটি মহিলা থানার ওসি-রও বদলি হয়েছে। এছাড়া ১১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও চারজন মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার-কেও বদলি করা হয়েছে। থানাস্তরের রদবদলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে।পঞ্চসায়র থানার ওসি সঞ্জয় মুখোপাধ্যায়কে করা হয়েছে দক্ষিণ বন্দর থানার ওসি। পঞ্চসায়র থানার নতুন ওসি হলেন চৈতন চাপাই, যিনি এতদিন হেস্টিংস থানার ওসি ছিলেন। হেস্টিংস থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেলেন সুব্রত দাস, প্রাক্তন দক্ষিণ বন্দর থানার ওসি।

অন্যদিকে, বেলেঘাটা থানার ওসি প্রসেনজিৎ পোদ্দারকে বদলি করে আমহার্স্ট স্ট্রিট থানার ওসি করা হয়েছে। আমহার্স্ট স্ট্রিট থানার ওসি সৈকত নিয়োগী হলেন বেহালা থানার নতুন ওসি। ফুলবাগান থানার ওসি সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে বদলি করে হরিদেবপুর থানার ওসি করা হয়েছে। ফুলবাগান থানার নতুন ওসি হলেন অলোক সরকার, যিনি আগে নিউ আলিপুর থানার ওসি ছিলেন। নিউ আলিপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেলেন সুভাষ মণ্ডল।এছাড়া, চারু মার্কেট থানার ওসি সমরেন্দ্র চক্রবর্তী হলেন গিরিশ পার্ক থানার নতুন ওসি। গিরিশ পার্ক থানার ওসি হীরক দলপতিকে বদলি করে পার্ক স্ট্রিট থানার ওসি করা হয়েছে। চারু মার্কেট থানার নতুন ওসি হলেন সুশান্ত কুণ্ডু, যিনি এতদিন তারাতলা থানার ওসি ছিলেন। পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্করকে বদলি করে বউবাজার থানার ওসি পদে আনা হয়েছে।
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের এই বড় রদবদলকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা ও নির্বাচন পর্বের আগে এই বদলি গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।