ad
ad

Breaking News

Weather Update

ফেব্রুয়ারির শুরুতেই কি শীতের বিদায়? উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা

আপাতত আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই।

Weather Update: Temperature Rise and Fog Alert for February

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যে এখনও শীতের অনুভূতি থাকলেও আগের মতো কনকনে ঠান্ডা আর নেই। ফেব্রুয়ারি মাস এগিয়ে আসায় নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনাও নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আপাতত আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই (Weather Update)।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। যদিও ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হবে, তবে দিনের বেলায় ধীরে ধীরে উষ্ণতা বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে। তবে এখনই গরম পড়ার সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা ও হালকা শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হবে (Weather Update)।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান ও বীরভূমে কুয়াশার প্রভাব তুলনামূলক বেশি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আবহ বজায় থাকবে। এরপর ধীরে ধীরে রাজ্য থেকে শীত বিদায় নিতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও শীতের দাপট এখনও অনুভূত হচ্ছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। সমতলের জেলাগুলিতেও শীতের আমেজ বজায় আছে। আগামী ৫ থেকে ৬ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে আশঙ্কা (Weather Update)।