ad
ad

Breaking News

Weather Update

ঘূর্ণিঝড় ‘মান্থা’র প্রভাবে ভিজবে কলকাতা, জগদ্ধাত্রী পুজোতেও ভারী বর্ষণ?

সাইক্লোনের প্রভাব পশ্চিমবঙ্গে প্রত্যক্ষভাবে দেখা না গেলেও, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update: Cyclone Mantha Brings Rain to Bengal

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ছটপুজোর আগে রবিবার থেকেই আবহাওয়া বদলে গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের। রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল শহর ও সংলগ্ন জেলার আকাশ। বেলা বাড়তেই আকাশ কালো করে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতেও। সোমবারই জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় ‘মান্থা’। তবে সাইক্লোনের প্রভাব পশ্চিমবঙ্গে প্রত্যক্ষভাবে দেখা না গেলেও, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

আরও পড়ুন: ইপিএল-এ ব্রেন্টফোর্ডের কাছে হার লিভারপুলের, সৌদি লিগে জয় আল নাসেরের

বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে, কিন্তু ফের বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মান্থা’। থাইল্যান্ডের দেওয়া নাম এই সাইক্লোনের, যার অর্থ ‘মন্থন’। এর জেরেই বুধবার ও বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উপকূলবর্তী এলাকায় বেশি প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সপ্তাহজুড়ে বৃষ্টি ভোগাতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উপরূলবর্তী দুই জেলা – দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে বলেও জানানো হয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (Weather Update)।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বদলাচ্ছে আবহাওয়া। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে আবহাওয়া বদলের সম্ভাবনা। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি, শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।