ad
ad

Breaking News

WB Government Ministers

বিধায়কদের কথা শুনতেই হবে মন্ত্রীদের! নাগরিক সমস্যা মেটাতে কড়া নির্দেশ বিজেপির

শুধু সমস্যা শোনাই নয়, দ্রুত সমাধানের উদ্যোগও নিতে হবে

WB Government Ministers to Meet MLAs Weekly

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: বিধানসভার অধিবেশন থাকুক বা না থাকুক, প্রতি সপ্তাহে অন্তত একদিন বিধায়কদের সঙ্গে দেখা করতে হবে রাজ্যের মন্ত্রীদের। শুনতে হবে তাঁদের এলাকার সমস্যা, নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ এবং উন্নয়নমূলক কাজের দাবি। শুধু সমস্যা শোনাই নয়, দ্রুত সমাধানের উদ্যোগও নিতে হবে। উন্নয়নের কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না—এই বার্তা দিয়েই মন্ত্রীদের কাছে নির্দেশ পাঠিয়েছে বিজেপি নেতৃত্ব। দলীয় নির্দেশ অনুযায়ী, এখন থেকে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বিধানসভায় বসবেন মন্ত্রীরা। সেখানে বিধায়কেরা সরাসরি তাঁদের সঙ্গে দেখা করে নিজেদের এলাকার সমস্যার কথা জানাতে পারবেন। কোন দিন কোন দপ্তরের মন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকবেন, তা দ্রুত নির্ধারণ করে জানাতে বলা হয়েছে।

সরকারি মুখ্যসচেতক অম্লান ভাদুড়ী জানিয়েছেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে মন্ত্রীরা বিধায়কদের সঙ্গে কথা বলবেন। বিধায়কদের তোলা বিভিন্ন প্রশ্ন ও সমস্যার উত্তর সংশ্লিষ্ট দপ্তরকে লিখিত ভাবেও জানাতে হবে। আগের বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিধানসভায় মন্ত্রীদের জন্য বরাদ্দ ঘরগুলি শুধু নামের ফলক লাগিয়ে রাখার জন্য নয়। ওই ঘরে নিয়মিত বসে বিধায়কদের সঙ্গে দেখা করতে হবে এবং তাঁদের এলাকার সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই রাজ্যের মন্ত্রীদের জন্য ‘বিধায়ক মিট’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা, প্রশাসনিক সমস্যা কিংবা কোনও এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বিধায়কদের প্রশ্ন থাকলে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে তার লিখিত উত্তরও দিতে হবে।

কাজের ব্যস্ততার কারণে এতদিন অনেক ক্ষেত্রেই বিধায়কেরা সহজে মন্ত্রীদের সাক্ষাৎ পাচ্ছিলেন না বলে অভিযোগ। ফলে এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা সরাসরি জানানো এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছিল। নতুন ব্যবস্থায় সেই দূরত্ব কমবে বলে মনে করছে সরকার। নতুন সরকার ক্ষমতায় এসেছে মাত্র তিন মাস আগে। বিধানসভার অধিবেশনে এখনও প্রশ্নোত্তর পর্ব শুরু হয়নি। আগামী অধিবেশন থেকেই সেই পর্ব চালু হওয়ার কথা। তার আগে মন্ত্রী ও বিধায়কদের মধ্যে সমন্বয় বাড়িয়ে এলাকার সমস্যাগুলি দ্রুত চিহ্নিত ও সমাধান করতে চাইছে সরকার। একই সঙ্গে বিজেপির বিধায়কদেরও জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ নিয়মিত শুনতে এবং স্থানীয় প্রশাসনের কাজকর্মের উপর নজর রাখতে বলা হয়েছে তাঁদের। পুরসভাগুলির পরিষেবা ঠিকমতো চলছে কি না, তা খতিয়ে দেখতে কমিশনারদের সঙ্গে সরাসরি বৈঠকও করছেন অনেক বিধায়ক।