চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন মোড় এসেছে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দাবির মুখে নতি স্বীকার করে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধনের শুনানিতে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্রকে বৈধ নথির স্বীকৃতি দিল কমিশন। শনিবার রাজ্য নির্বাচনী দপ্তরকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এখন থেকে নির্ধারিত ১১টি নথির পাশাপাশি এই শংসাপত্রকেও প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা হবে। তবে এই নিয়মে একটি বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, পঞ্চায়েত বা পুরসভা থেকে পাওয়া সাধারণ শংসাপত্র এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) এবং মহকুমা শাসক (SDO) পদমর্যাদার আধিকারিকদের সই করা ডোমিসাইল সার্টিফিকেটই ভোটার তালিকায় নাম তোলার শুনানিতে বৈধ হিসেবে বিবেচিত হবে।
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ই-ডিস্ট্রিক্ট (e-District) পোর্টালের মাধ্যমে খুব সহজেই এই শংসাপত্রের জন্য আবেদন করা যায়। নিচে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হলো: প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ই-ডিস্ট্রিক্ট পোর্টাল (edistrict.wb.gov.in) এ যেতে হবে। সেখানে নিজের নাম, মোবাইল নম্বর এবং আধার কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। লগইন করার পর ‘সার্ভিস’ (Services) সেকশন থেকে ‘ইস্যুয়েন্স অফ ডোমিসাইল সার্টিফিকেট’ (Issuance of Domicile Certificate) অপশনটি বেছে নিতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য, স্থায়ী ঠিকানার বিবরণ এবং অন্তত ১৫ বছর ওই রাজ্যে বসবাসের প্রমাণ সংক্রান্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি অনলাইনেই জমা দেওয়া যাবে।
ডোমিসাইল সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত নথিগুলো সাথে রাখা বাধ্যতামূলক: পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি। বয়সের প্রমাণ হিসেবে জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বাসস্থানের প্রমাণ হিসেবে গত ১৫ বছরের ইলেকট্রিক বিল, টেলিফোন বিল বা জমির পর্চা। পাসপোর্ট সাইজ ছবি। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা সরাসরি মহকুমা শাসক (SDO) বা জেলাশাসকের (DM) দফতরে গিয়ে প্রয়োজনীয় নথিসহ আবেদন করতে পারেন। এছাড়া স্থানীয় ‘তথ্য মিত্র’ কেন্দ্র থেকেও এই কাজের জন্য সহায়তা পাওয়া যাবে। সাধারণত আবেদনের ৭ থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করে এই সার্টিফিকেট প্রদান করা হয়।