চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk:রাজ্যের কোন কোন বিধানসভায় এখনও শুনানি বাকি রয়েছে, তা জানতে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে বিধানসভা ভিত্তিক রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিক । গোটা রাজ্যের বদলে যে যে বিধানসভায় শুনানি অসম্পূর্ণ রয়েছে, শুধুমাত্র সেই বিধানসভাগুলির জন্য শুনানির সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।এই কারণেই এবার জেলা নয়, বিধানসভা ভিত্তিক বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, আজকের মধ্যেই সংশ্লিষ্ট জেলাশাসকদের রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও মালদা জেলা শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল সিইও দফতরের কাছে। তবে এবার সমস্ত জেলার ক্ষেত্রে বিধানসভা ধরে শুনানি বাকি থাকার তথ্য জানতে চাওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, পরিস্থিতি বিবেচনা করে দু’ থেকে তিন দিন সর্বাধিক শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে। শনিবারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, শুনানির সময়সীমা বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমার উপরও। সেক্ষেত্রে ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত দিন পিছিয়ে যেতে পারে বলেই নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত।