চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে রাজ্যের তরফে অভিযোগ করা হয়, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক। শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, আদালত আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হলেও তিনি হাজির হচ্ছেন না। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, “মামলাকারীর তো রক্ষাকবচ রয়েছে। তাহলে তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? কণ্ঠস্বরের নমুনা তদন্তকারীদের দিয়ে দিন।” মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার ধার্য করা হয়েছে।
আগামী ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা রয়েছে। তার আগেই এদিন বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়। অভিষেকের আইনজীবী আদালতে দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্য যে তাঁরই, তা তিনি ইতিমধ্যেই স্বীকার করেছেন। সেক্ষেত্রে আলাদা করে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি।এর জবাবে রাজ্যের আইনজীবীর বক্তব্য, শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তির উপর নির্ভর করা যায় না। তদন্তের স্বার্থে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে কণ্ঠস্বর যাচাই প্রয়োজন। তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশ থাকা সত্ত্বেও এই প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালতের দেওয়া সুরক্ষা থাকলে তদন্তে পূর্ণ সহযোগিতা করাই উচিত, কিন্তু সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রচারে ‘ডিজে বাজানো’ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, তাঁর বক্তব্য উসকানিমূলক ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানায় মামলা দায়ের হয়। পরে তদন্তভার যায় সিআইডির হাতে। ইতিমধ্যেই এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা।