ad
ad

Breaking News

Vidyasagar Setu closed for traffic on Sunday

ছুটির দিনে বন্ধ বিদ্যাসাগর সেতু! টানা ১৬ ঘণ্টা চলবে সংস্কারের কাজ

ফলে সপ্তাহের ছুটির দিনে শহর ও শহরতলির যাতায়াতে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Vidyasagar Setu closed for traffic on Sunday

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আগামী রবিবার ফের যান চলাচলের জন্য বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ওই দিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। সেতুর স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি সংস্কার কাজের জন্যই এই দীর্ঘ সময় ধরে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ফলে সপ্তাহের ছুটির দিনে শহর ও শহরতলির যাতায়াতে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সেতু বন্ধ থাকার কারণে কলকাতা ট্রাফিক পুলিশ বিকল্প পথের একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ এবং গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড বা স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে, জওহরলাল নেহরু আইল্যান্ড ও কেপি রোড থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর থেকে আসা পূর্বগামী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছাবে। এছাড়া বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নবান্ন বা প্রশাসনিক সচিবালয় সংলগ্ন হওয়ায় এই সেতুটি রাজ্যের যোগাযোগ ব্যবস্থার অন্যতম লাইফলাইন। প্রতিদিন হাজার হাজার ছোট ও বড় গাড়ি এই পথ ব্যবহার করে। তবে বর্তমানে এই ঝুলন্ত সেতুটি ২৭ বছরে পা দিয়েছে। ৮২৩ মিটার দীর্ঘ এই কেবল ব্রিজটির প্রযুক্তিগত সক্ষমতা বজায় রাখতেই এই সংস্কার প্রয়োজন। ইঞ্জিনিয়ারদের মতে, সেতুর বিভিন্ন স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং ডেক স্ল্যাবের আয়ু সাধারণত ২৫ বছর হয়ে থাকে। দীর্ঘ ২৭ বছর অতিক্রান্ত হওয়ায় এখন এক্সপ্যানশন জয়েন্টসহ বিভিন্ন যন্ত্রাংশ বদল করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

সেতুর স্থায়িত্ব ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সারাদিন সেতু বন্ধ থাকায় হাওড়া এবং সাঁতরাগাছির দিক থেকে কলকাতা অভিমুখী যাত্রীদের হাওড়া ব্রিজ বা বালি ব্রিজ ব্যবহার করতে হবে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিকল্প রাস্তাগুলোতে অতিরিক্ত কর্মী মোতায়েন রাখা হবে।