চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আজ শুক্রবার। রাজনীতি, খেলাধুলা এবং পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীতে সরগরম থাকতে চলেছে রাজ্য তথা দেশ। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদগুলি (Today’s Top News)।
১. বিধানসভায় বাজেট অধিবেশন ও রাজনৈতিক তৎপরতা
আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিন। সকালেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে কার্যবিবরণী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত আগামীকাল পেশ হতে চলা দুটি বিলের নির্ঘণ্ট নির্ধারণই এই বৈঠকের মূল লক্ষ্য। এরপর অধিবেশনে ‘ভোট অন অ্যাকাউন্ট’ নিয়ে আলোচনায় অংশ নেবেন শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করা। মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকলেও আজ অধিবেশনে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, দিল্লিতে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের রেশ ধরে আজও সংসদে তৃণমূল ও কংগ্রেসের সাথে সংঘাতের আবহ বজায় থাকতে পারে (Today’s Top News)।
২. মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ও কড়া নজরদারি
দুই দিন ছুটির পর আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আগের পরীক্ষাগুলোতে মোবাইল সহ সাতজন পরীক্ষার্থী ধরা পড়ায় এবং তাদের পরীক্ষা বাতিল হওয়ায় আজ নজরদারি আরও বাড়ানো হয়েছে। পশ্চিম বর্ধমানে প্রধান শিক্ষক সহ আটজন সাসপেন্ড হওয়ার পর আজ পার্শ্ববর্তী স্কুল থেকে নতুন শিক্ষক ও ভেনু সুপারভাইজার এনে পরীক্ষা পরিচালনার বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্ষদ।
৩. বিহার নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে জন সুরাজ পার্টি
২০২৫-এর বিহার নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে সরব হয়েছে তারা (Today’s Top News)।
৪. বঙ্গ-বাজেটের পাল্টা সাংবাদিক বৈঠক শুভেন্দুর
রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি ও ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের ঘোষণার পর আজ বিকেল ৫টায় বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সরকারের এই জনমোহিনী প্রকল্পের পাল্টা কী যুক্তি দেন বিরোধী দলনেতা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
৫. ক্রীড়া জগৎ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ও রঞ্জি ট্রফি
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইডেন গার্ডেন্সেও রয়েছে প্রথম দিনের খেলা। পাকিস্তান ও বাংলাদেশকে ঘিরে চলতে থাকা নানা বিতর্কের মাঝেই প্রস্তুতি সারছে দলগুলি।
রঞ্জি ট্রফি: আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। কল্যাণীতে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হচ্ছে বাংলা। সকাল ৯টা থেকে খেলা শুরু।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: আজ ছোটদের ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুপুর ১টা থেকে শুরু হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ (Today’s Top News)।
৬. আবহাওয়ার পূর্বাভাস: ফিরছে শীতের আমেজ
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের আবহাওয়ার পরিবর্তন। উত্তর ভারতে তুষারপাতের জেরে শীতল হাওয়া বইতে শুরু করেছে বাংলার দিকেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা ও দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। অর্থাৎ শীতের আমেজ এখনই বিদায় নিচ্ছে না।