ad
ad

Breaking News

Weather

শীতের ঝোড়ো ব্যাটিং! ঝঞ্ঝার বাধা কাটিয়ে সপ্তাহান্তে ফিরছে জোরালো ঠান্ডা

বিশেষ করে রাত এবং ভোরের দিকে ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হবে।

today-weather-update-cold-wave-west-bengal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: যেন বিদায় নিতে গিয়েও বারবার ফিরে আসছে শীত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের উইকএন্ডে ফের ঠান্ডার পরশ পেতে চলেছেন বাংলার মানুষ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে দুর্বল হওয়ায় রাজ্যের বিভিন্ন অংশে আবারও শীতের অনুভূতি বাড়ছে। এই মুহূর্তে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও, সপ্তাহের শেষে পারদ আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন উইকএন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে। ফলে শহরজুড়ে ফের একবার শীতের আমেজ স্পষ্টভাবে টের পাওয়া যাবে। বিশেষ করে রাত এবং ভোরের দিকে ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হবে।

বর্তমানে রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে একাধিক জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় আগামী দু’দিন তুলনামূলকভাবে কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া দক্ষিণ-পূর্ব আরবসাগর সংলগ্ন এলাকায়, লাক্ষাদ্বীপ ও কেরালা উপকূলের মাঝামাঝি অঞ্চলেও আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

রবিবার, ৮ ফেব্রুয়ারি রাজ্যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এর প্রভাবে শীতের দাপট কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর।

কলকাতা জুড়ে ইতিমধ্যেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। রাত এবং ভোরের দিকে ঠান্ডা আরও বাড়ছে। আবহাওয়া অফিসের মতে, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গোটা উইকএন্ড জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে, যদিও আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে।

সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শীতের প্রভাব কিছুটা বাড়ার পর আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৮৯ শতাংশের মধ্যে রয়েছে।