প্রতীকী চিত্র
Bangla Jago Desk: শহর কলকাতার বুকে ফের এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল বেলেঘাটা চাউল পট্টি এলাকা। পরিচিত এক মধ্যবয়স্ক ব্যক্তির হাতে তিন বছরের এক শিশুকন্যা যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় রেল ব্রিজের ধারের এক বসতি এলাকায় এই ঘটনাটি ঘটে। বর্তমানে নির্যাতিতা শিশুটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যাবেলা রেললাইনের ধারের বসতি এলাকায় খেলছিল ওই শিশুটি। অভিযোগ, সেই সময় এক পরিচিত মধ্যবয়স্ক ব্যক্তি শিশুটিকে আদর করার অছিলায় ভুলিয়ে রেললাইনের ধারের নির্জন ও অন্ধকার জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির কান্না শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা কারণ জিজ্ঞাসা করলে অভিযুক্ত ব্যক্তি প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শিশুটির চিৎকার ও কান্নার বেগ বাড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনকে আসতে দেখে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে অত্যন্ত বিপজ্জনকভাবে রেললাইনের ধারে ফেলে রেখে এলাকা থেকে চম্পট দেয়।
তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করতে গিয়ে আঁতকে ওঠেন পরিজন ও স্থানীয় বাসিন্দারা। দেখা যায়, শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই আতঙ্কিত পরিবার বেলেঘাটা থানার দ্বারস্থ হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করে যে এলাকাটি শিয়ালদহ জিআরপি-র আওতাভুক্ত। এরপরই শিয়ালদহ জিআরপিকে খবর দেওয়া হয় এবং তারা দ্রুত তদন্তে নেমে অভিযুক্তকে জালে ফেলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবারই ধৃতকে শিয়ালদহ আদালতে পেশ করার কথা রয়েছে। ঘটনার আকস্মিকতায় গোটা বসতি এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা শিশুর সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।