চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: নবান্ন যাওয়ার পথে আচমকাই রুট বদলে সল্টলেকের স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। স্বাস্থ্য ভবনে পৌঁছেই তিনি সেখানে সদ্য গড়ে ওঠা কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। এরপর হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা পরিষেবা নিয়ে স্বাস্থ্য ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার রুটিন মাফিক রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে আসছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হঠাৎ করেই রুট বদল করে মুখ্যমন্ত্রীর কনভয়। সোজা চলে যায় স্বাস্থ্য ভবনে।
স্বাস্থ্য ভবনে তৈরি হওয়া আধুনিক কন্ট্রোল রুম থেকে সরাসরি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে নজরদারি চালানো হচ্ছে। হাসপাতালগুলিতে ‘দালাল রাজ’ পুরোপুরি নির্মূল করতে আজ কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, কোনোভাবেই রোগীদের হয়রানি বরদাস্ত করা হবে না এবং অবিলম্বে দালালদের চিহ্নিত করতে হবে। এই লক্ষ্যে এক অভিনব প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে— কন্ট্রোল রুমের মনিটরে যদি কোনো ব্যক্তিকে পরপর দু’দিন ঘোরাঘুরি করতে দেখা যায়, তবে তাকে বিশেষভাবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন স্তরের কর্মীদের জন্য আলাদা আলাদা রঙের লেমিনেশন ব্যাচ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকাঠামো উন্নয়ন ও ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর খামতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন,”বড় কোনো বিপর্যয় সামলানোর মতো পর্যাপ্ত পরিষেবা এই মুহূর্তে সরকারি হাসপাতালগুলিতে নেই। এর জন্য দ্রুত ট্রমা সেন্টার গড়ে তোলা উচিত। রাজ্যের বহু হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের মতো প্রচুর ফাঁকা জায়গা পড়ে রয়েছে, সেগুলিকে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।” রাজ্যের অন্যতম শীর্ষ হাসপাতাল এসএসকেএম -এর ওপর রোগীর চাপ কমাতে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই সেখানে ১০০টি বেড বাড়ানো হয়েছে। আগামী দুর্গাপুজোর আগেই আরও ২০০ থেকে ২৫০টি বেড চালু করার ব্যবস্থা করা হচ্ছে।
নিউটাউনে আদানির আন্তর্জাতিক হাসপাতাল রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এক বিরাট বিনিয়োগের খবরও আজ ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে আদানি গ্রুপের উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের বিশ্বমানের হাসপাতাল তৈরি হতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পের ভূমিপুজো সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, এই আন্তর্জাতিক মানের হাসপাতালেও সাধারণ ও দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নির্দিষ্ট পরিমাণ বেডের ব্যবস্থা সংরক্ষিত থাকবে।