চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে তিনি আলিপুরে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে এই মনোনয়ন পেশ করেন। তবে এবারের নির্বাচনী হলফনামায় শুভেন্দুর সম্পত্তির খতিয়ান এবং তাঁর বিরুদ্ধে থাকা আইনি মামলার সংখ্যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ কমলেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে মামলার সংখ্যা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটিও ফৌজদারি মামলা ছিল না। কিন্তু ২০২৬ সালের হলফনামায় দেখা যাচ্ছে, বর্তমানে তাঁর নামে মোট ২৯টি মামলা নথিভুক্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন গড়বেতা, খড়্গপুর, ঝাড়গ্রাম এবং কলকাতার বউবাজার ও হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও হলফনামায় জানানো হয়েছে যে, এর মধ্যে কোনওটিই এখনও চার্জ গঠন বা বিচার প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
সম্পত্তির খতিয়ানে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯.৬৫ লক্ষ টাকা কমেছে। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১২ হাজার টাকা। গত পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পত্তি অর্থাৎ ব্যাংক ব্যালেন্স ও সঞ্চয় ৩৪.৭৪ লক্ষ টাকা কমলেও, স্থাবর সম্পত্তি বা জমির পরিমাণ ১৫ লক্ষ টাকার বেশি বেড়েছে। ২০২১ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৫ লক্ষ টাকার কিছু বেশি।
শিক্ষাগত যোগ্যতার নিরিখে শুভেন্দু অধিকারী ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে তিনি একই সঙ্গে নন্দীগ্রাম এবং ভবানীপুর- এই দুটি হাই-প্রোফাইল কেন্দ্র থেকে লড়াই করছেন। ভবানীপুর কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের কেন্দ্র ধরে রাখার পাশাপাশি মমতার খাসতালুকে শুভেন্দুর এই লড়াই এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণীয় দিক হতে চলেছে।