চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগের পর এবার স্কুল সার্ভিস কমিশনের মামলার তদন্তেও গতি বাড়াতে চাইছে কেন্দ্রীয় সংস্থাটি। এই লক্ষে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেরা করার সিদ্ধান্ত নিয়েছে ইডি। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে তাঁদের দুজনকে তলব করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় বর্তমানে আদালতের নির্দেশে জামিনে মুক্ত রয়েছেন। ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে দক্ষিণ কলকাতায় অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারীরা। বিপুল সেই অর্থ উদ্ধারের পরেই দুজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে সিবিআইও পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি মামলার প্রেক্ষিতে গ্রেফতার দেখিয়েছিল। তবে এসএসসি সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগে এর আগে ইডি কখনো পার্থ বা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি। এবার সেই মামলাতেই বিশদ তথ্য পেতে চাইছে সংস্থাটি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কেবল প্রাক্তন মন্ত্রী বা তাঁর বান্ধবী নন, এই মাসের মধ্যে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বেশ কিছু চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা। মূলত এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক লেনদেনের শিকড় কতদূর বিস্তৃত, সেটিই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, দীর্ঘ তিন বছরের বেশি সময় জেলবন্দি থাকার পর গত বছরের নভেম্বর মাসে সবকটি মামলা থেকে জামিন পেয়ে বাড়ি ফেরেন পার্থ চট্টোপাধ্যায়। বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই নাকতলার বাসভবনে দুর্ঘটনায় আহত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বাঁ হাতে চোট নিয়ে প্রায় পঁচিশ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ ডিসেম্বর তিনি ছাড়া পান। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ও দুই বছরের বেশি জেল খাটার পর গত নভেম্বরে মুক্তি পেয়েছেন। সিবিআইয়ের দায়ের করা কোনও মামলায় অবশ্য তাঁর নাম ছিল না। এখন দেখার, ইডির এই নতুন তলবের পর তদন্ত কোন দিকে মোড় নেয়।