চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: প্রকাশিত হল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। সোমবার সন্ধ্যায় প্রকাশিত হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করা হল। একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হলেও বহু পরীক্ষার্থী নিয়োগ না পাওয়ায় নবম–দশমের ফলের দিকে নজর রেখেছিলেন (SSC)। নিজেদের রোল নম্বর দিয়ে SSC-র ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন চাকরিপ্রার্থীরা।
দুর্নীতির অভিযোগের জেরে পূর্ববর্তী প্যানেল বাতিল করেছে আদালত। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই পুনরায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষকদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরও নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি শীঘ্রই ঘোষণা হবে।
[আরও পড়ুন: TET: টেট প্রশ্ন ভুলে বড় মোড়: বিশেষজ্ঞ রিপোর্টে শুধুমাত্র ‘১টি ভুল’, নম্বর পাবেন কারা?]
একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমানে নথিপত্র যাচাই (ডকুমেন্ট ভেরিফিকেশন) চলছে এবং ২৬ নভেম্বর থেকে ইন্টারভিউ পর্ব শুরু হওয়ার কথা। এসময়েই নবম–দশম শ্রেণির ফলপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণির জন্য মোট শূন্যপদ ২৩,২১২। লিখিত পরীক্ষা হয়েছিল ৬০ নম্বরের (SSC)।
একাদশ–দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশের পর কিছু অনিয়মের অভিযোগ ওঠে, যেখানে দাবি করা হয় যে কিছু অযোগ্য প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। শুনানির সময় আদালত জানায়, অযোগ্য প্রার্থীদের নাম ও বিস্তারিত তথ্য চিহ্নিত করে জমা দিতে হবে। এই প্রক্রিয়া চলাকালীনই সোমবার নবম–দশম শ্রেণির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল (SSC)।