চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বঙ্গে ক্ষমতা পরিবর্তনের পর রাজ্য রাজনীতিতে একের পর এক হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রীদের সরকারি নিরাপত্তা তুলে নেওয়া বা কমানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার সেই কোপ পড়ল খোদ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি (CAB) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তাতেও। এতদিন তিনি রাজ্য সরকারের ‘জেড ক্যাটাগরি’র (Z Category) সর্বোচ্চ নিরাপত্তা পেতেন। এবার তা দু’ধাপ কমিয়ে একঝটকায় ‘ওয়াই ক্যাটাগরি’তে (Y Category) নামিয়ে আনা হল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বিন্যাসের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ২০২৩ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অধীনে ‘ওয়াই ক্যাটাগরি’র সুরক্ষাই পেতেন। তখন তাঁর সঙ্গে ৩ জন পুলিশকর্মী এবং বেহালার বাড়িতে নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকতেন। কিন্তু ২০২৩ সালের মে মাসে তৎকালীন তৃণমূল সরকার তাঁর নিরাপত্তা বাড়িয়ে ‘জেড ক্যাটাগরি’ করার সিদ্ধান্ত নেয়। এই ক্যাটাগরিতে সাধারণত প্রায় ৩৫ জন সুরক্ষাকর্মী এবং কমান্ডো থাকার কথা থাকলেও, সৌরভের নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশকর্মী এবং পাইলট কার বরাদ্দ ছিল।
রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই এই ভিআইপি (VIP) সংস্কৃতি ও অতিরিক্ত সুরক্ষাবলয় নিয়ে কড়া মনোভাব স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, রাজনৈতিক নেতা বা অন্যান্য ব্যক্তিত্বদের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সরকারি নিরাপত্তা আর দেওয়া হবে না। কারা সরকারি খরচে এই সুবিধা পাচ্ছেন, তা নতুন করে খতিয়ে দেখার পরেই এবার সৌরভের নিরাপত্তা দু’ধাপ কমিয়ে আগের ‘ওয়াই ক্যাটাগরি’তে ফিরিয়ে আনা হলো। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ‘মহারাজ’-এর সুরক্ষায় পাইলট কার আর থাকবে না, বদলে মাত্র ৩ থেকে ৪ জন পুলিশকর্মী থাকবেন, যার মধ্যে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।