চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দেবজিৎ মুখার্জি, কলকাতা: “বাড়ি বাড়ি সমীক্ষার নামে আপনার নাম বাদ দিয়ে দেবে” এসআইআরের মাধ্যমে কিভাবে নাম বাদ দেওয়া হতে পারে, এবার তা নিয়ে বিস্তারিতভাবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এই সম্পর্কে যাবতীয় তথ্য দেন। এর সঙ্গে বিজেপির দুর্নীতি ফাঁস করারও হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো।
[আরও পড়ুন: ছাত্র-যুব সমাজের জীবনে অন্ধকার নামানোর চেষ্টা, ওবিসি নিয়ে বিরোধীদের আক্রমণ অভিষেকের]
বাংলা সহ গোটা ভারতবর্ষ উত্তপ্ত এসআইআর ইস্যুতে। যেভাবে বিহারে এর দ্বারা লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, তারপর জাতীয় রাজনীতিতে আরো তোলপাড় হচ্ছে। সংসদের অন্দরে ও বাইরে, দুদিকেই এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিরোধীরা। সকলেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না।
এবার এই ব্যাপারে বিস্তারিতভাবে সবকিছু জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসি প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি (Mamata Banerjee) বলেন, “আপনার যাবতীয় সব তথ্য, বাড়ি বাড়ি সমীক্ষার নামে, নিয়ে গিয়ে দেখবেন। বাদ দিয়ে দেবে আপনার নাম। নামটা আছে কিনা, নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন। করে রাখুন আধার কার্ডটা। ওটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।”
এরপরই তৃণমূল সুপ্রিমো দুর্নীতি ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি (Mamata Banerjee) বলেন, “ললিপপ সরকার ভয় দেখাচ্ছে বিডিও, এসডিও, ডিএমদের। চাকরি খেয়ে নেওয়ার, জেলে পুড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। নির্বাচন কমিশন আসে আর যায়। কিন্তু রাজ্য সরকারের হাতে সারাবছর সব থাকে। এখানে কিছু হবে না গায়ের জোরে। আমাদের কাছেও ভাণ্ডারা আছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারা আছে, তেমনি আছে আপনাদের দুর্নীতির ভাণ্ডারাও। সব খুলে দেবো। ফাঁস করে দেবো সব।”