ad
ad

Breaking News

Saugata Roy

কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে জুতো ও কালো পতাকা প্রদর্শন, উঠল ‘চোর’ স্লোগান

তিনি গাড়ি নিয়ে সেখানে পৌঁছতেই একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি ঘিরে ধরে

Saugata Roy Faces Massive Protest and Black Flags

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: কলকাতা বিমানবন্দরে ফের বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার বিমানবন্দর চত্বরে তাঁকে ঘিরে কালো পতাকা ও জুতো দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ সাংসদকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।মঙ্গলবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের দফতরে একটি বৈঠক ছিল। সংশ্লিষ্ট এলাকার সাংসদ হিসেবে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল সৌগত রায়কে। তিনি গাড়ি নিয়ে সেখানে পৌঁছতেই একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি ঘিরে ধরে। তাঁদের মধ্যে বিজেপির কর্মী-সমর্থকেরাও ছিলেন বলে দাবি।

বিক্ষোভকারীরা সৌগতকে ফিরে যাওয়ার দাবি জানান। তাঁর উদ্দেশে কালো পতাকা ও জুতো দেখানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সাংসদ গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। পরে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এর আগেও বিক্ষোভের মুখে পড়েছিলেন সৌগত রায়। মে মাসের শেষ দিকে নিমতায় তাঁকে ঘিরে বিক্ষোভের সময় ডিম ছোড়া এবং ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সাংসদ। এবার কলকাতা বিমানবন্দর চত্বরে একই ধরনের বিক্ষোভকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনা নিয়ে সৌগত রায়কে তীব্র আক্রমণ করেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন সাংসদ থাকলেও এলাকার সাধারণ মানুষের পাশে দেখা যায়নি সৌগতকে। জল জমা কিংবা অন্য সমস্যার সময় তিনি মানুষের পাশে দাঁড়াননি বলেও দাবি বিজেপি বিধায়কের। অরিজিৎ বক্সীর বক্তব্য, দমদমের মানুষের সঙ্গে সাংসদের যোগাযোগ নেই বলেই তাঁকে দেখে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পেয়েছে। একইসঙ্গে সৌগত রায়ের পদত্যাগের দাবিও তোলেন তিনি।