ad
ad

Breaking News

Lionel Messi

প্রভাব খাটিয়ে মেসিকে ঘিরে রাখা, অরূপ-জুঁই বিশ্বাসদের বিরুদ্ধে FIR শতদ্রুর

লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে বিস্ফোরক আয়োজক শতদ্রু দত্ত! প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস ও রাজীব কুমারের বিরুদ্ধে ১০০ কোটির মামলা ও এফআইআর।

Satadru Dutta FIR Arup Biswas Lionel Messi Kolkata

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসতেই পূর্বতন তৃণমূল জমানার একের পর এক প্রভাবশালী রাঘববোয়ালদের ফাইল খুলতে শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো যুবভারতীতে লিওনেল মেসির প্রস্তাবিত ম্যাচ বাতিল ও বিশৃঙ্খলা কাণ্ড। মেসির ‘গোট ট্যুর’-এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত সোমবার বিধাননগর থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাইয়ের স্ত্রী জুঁই বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। একই সঙ্গে তৎকালীন আইপিএস তথা রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমারের বিরুদ্ধেও এফআইআর দায়েরের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছেন তিনি।

গা জোয়ারি করে মেসির কাছে পৌঁছনোর অভিযোগ

শতদ্রু দত্তর বিস্ফোরক দাবি, যুবভারতীর সেই মেগা ইভেন্টে নিরাপত্তার নামে চূড়ান্ত প্রহসন করা হয়েছিল। তিনি বলেন, “মাঠে নামার বা লিওনেল মেসির কাছাকাছি যাওয়ার কোনও অনুমতিই ছিল না জুঁই বিশ্বাসের। তা সত্ত্বেও তৎকালীন মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে, গা জোয়ারি করে তিনি মাঠে ঢোকেন এবং মেসির সঙ্গে ছবি তোলেন।” প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও নিজের প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক প্রোটোকল ভেঙে মেসির একদম কাছে চলে গিয়েছিলেন, যা ফিফার নিয়মের পরিপন্থী।

“মুখ খুললে পরিবার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল”

মেসি কাণ্ডে বিশৃঙ্খলা ও টিকিট বিতর্কের জেরে আয়োজক শতদ্রু দত্তকে টানা ৩৮ দিন জেল হেফাজতে কাটাতে হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর এত দিন কেন চুপ ছিলেন? এই প্রশ্নে কোন্নগরের ব্যবসায়ী জানান, “বিগত সরকারের জমানায় আমি মুখ খুললে আমার পরিবারকে শেষ করে দেওয়ার এবং ব্যবসার ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। আমাকে সম্পূর্ণ বলির পাঁঠা বানানো হয়েছিল। কিন্তু এখন দিন বদলেছে।”

১০০ কোটির মানহানির মামলা ও রাজীব কুমারের নাম

শতদ্রু মনে করছেন, আন্তর্জাতিক স্তরে তাঁর ও তাঁর সংস্থার ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে মেসির ইভেন্টের নিরাপত্তা ভেঙে দেওয়া হয়েছিল। সে কারণেই তৎকালীন রাজ্য পুলিশ প্রধান রাজীব কুমার এবং নবান্নের কয়েকজন শীর্ষ আমলার বিরুদ্ধেও তিনি আইনি পদক্ষেপ করছেন। ইতিমধ্যেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলার নোটিস পাঠিয়েছেন তিনি। নতুন সরকারের কড়া মনোভাবের মাঝেই শতদ্রুর এই এফআইআর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর পরিবারকে যে বড়সড় আইনি বিপাকে ফেলতে চলেছে, তা নিশ্চিত।